গত কয়েক দিনে তিস্তার ভাঙনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের দুই শতাধিক ঘড়, পাঁচটি পানের বরজ ও ২০ একর আবাদি জমি ও অসংখ্য গাছপালা বিলীন হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে দেড় শতাধিক মানুষ। তারা বিভিন্ন সরকারি জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে দুটি পানের বরজসহ অসংখ্য ঘড়বাড়ি। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, গৃহহীন মানুষেরা সরকারি বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। গবাদিপশু নিয়ে তারা বিপাকে পড়েছে। কয়েকটি নলকূপ বিলীন হওয়ায় খাওয়ার পানির অভাব দেখা দিয়েছে।
ছয়ঘড়িয়া গ্রামের কৃষক আনছার আলী বলেন, এক সপ্তাহে তিস্তার ভাঙনে তাঁর দুটি পানের বরজ, তিনটি ঘড় ও বসতভিটা বিলীন হয়েছে। ভাঙন রোধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কৃষক লুৎফর রহমান বলেন, ‘সাত দিন আগোত হামরা গেরেসতো আচিনো। হামারঘরে জমাজমি, বাড়িভিটা সগি আচিলো। নদী ভাঙ্গি সাত দিন পরে হামরা ঘরে কিচুই নাই। কামলার কাম না করলে পেটোত ভাত যাবার নোয়ায়।’ একই গ্রামের গৃহবধূ জহিরন নেছা (৪২) বলেন, ‘হামরা কিচু চাইনে, ভাঙ্গার হাত থাকি হামারঘরোক বাঁচান।’
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, প্রতিদিন গড়ে চার-পাঁচ ফুট এলাকা বিলীন হচ্ছে। এভাবে ভাঙতে থাকলে অল্প দিনের মধ্যেই গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হয়নি।
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা বলেন, তিস্তার ভাঙন রোধে এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই। তবে ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।: