দুই শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি পোশাক কারখানায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্রে জানা গেছে, রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট নামের পোশাক কারখানায় বিভিন্ন সেকশনে গত কয়েক দিনে গরমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। প্রতিদিনের মতো গতকাল সকালে ওই কারখানায় প্রায় ছয় হাজার শ্রমিক কাজে যোগ দেন। পরে দুপুরের খাবারের বিরতি শেষে ফের কাজে যোগ দেন শ্রমিকেরা। এরপর প্রচণ্ড গরম অনুভব করেন তাঁরা। বেলা তিনটার দিকে কারখানার দ্বিতীয় তলার তৃষ্ণার্ত শ্রমিকেরা পানি পান করেন। এরপর কয়েকজন শ্রমিকের বমি হলে তাঁরা অচেতন হয়ে পড়েন। পরে আরও ১৫-২০ জন শ্রমিক একইভাবে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর কারখানার তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার শ্রমিকেরা একে একে অসুস্থ হতে থাকেন। এভাবে কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সহকর্মীরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেন।