
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় করা তিনটি হত্যা মামলায় গতকাল বুধবার দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দিয়েছে ভূজপুর থানার পুলিশ৷ এ ছাড়া ১৮ জন শিশু-কিশোরের বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়েছে৷
এসব অভিযোগপত্রভুক্ত আসামিদের বেশির ভাগই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী৷ অভিযোগপত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের নামও রয়েছে৷ ২১ জনকে ঘটনার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে৷ অভিযোগপত্রে বলা হয়েছে, মসজিদ, মাদ্রাসায় হামলা হচ্ছে—মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে জামায়াত-শিবির এ তাণ্ডব ঘটায়৷ গত বছরের ১১ এপ্রিল ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলা চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা এবং শতাধিক ব্যক্তিকে আহত করা হয়। মিছিলের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ, চারটি চাঁদের গাড়ি এবং ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়৷ নিহত তিনজন হলেন: ফারুক ইকবাল, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ ফোরকান৷ এ ঘটনায় নিহত তিনজনের পরিবার তিনটি, ভূজপুর থানার পুলিশ একটি এবং ফায়ার সার্ভিস একটি মামলা করে। এসব মামলায় মোট ৪৭১ জনের নাম উল্লেখ করে ১৬ হাজার ৪৭১ জনকে আসামি করা হয়। গতকাল তিনটি হত্যা মামলায় চট্টগ্রামের আদালতে অভিযোগপত্র দেওয়া হলো৷ অপর দুটি মামলার তদন্ত চলছে৷
আদালত সূত্র জানায়, তিনটি অভিযোগপত্রের মধ্যে ফারুক ইকবাল হত্যা মামলায় ১৮৫ জনের বিরুদ্ধে, মোহাম্মদ রুবেল হত্যা মামলায় ১৯২ জনের বিরুদ্ধে এবং মোহাম্মদ ফোরকান হত্যা মামলায় ২০৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া ফারুক হত্যা মামলায় ১২ শিশু-কিশোরের বিরুদ্ধে, রুবেল হত্যা মামলায় ১৪ শিশু-কিশোরের বিরুদ্ধে এবং ফোরকান হত্যা মামলায় ১৬ শিশু-কিশোরের বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়৷
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, ভূজপুরে তাণ্ডবের ঘটনায় তিনটি হত্যা মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রগুলো গ্রহণের শুনানির দিন ধার্য করবেন আদালত। তিনটি অভিযোগপত্রে ঘুরেফিরে একই ব্যক্তিদের আসামি করা হয়েছে। এঁদের বেশির ভাগই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
তিনটি অভিযোগপত্রে ভূজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী, ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান, জামায়াতের নেতা জাহিদুল ইসলাম মেম্বার, বজলুল করিম গুন্নীমনা, বেলাল উদ্দিন, নিজাম উদ্দিন, হাফেজুর রহমান মাস্টার, হেফাজতের নেতা হিসেবে পরিচিত আজগর সালেহী, এস আলম মেম্বার, দিদারুল আলম মাস্টার, ইয়াকুব মুন্সী, তৌফিকুল ইসলাম, জুনাইদ বিন জালাল, এরশাদ বিন জালাল, আবদুল্লাহ আল মাহমুদ পারভেজ, বশিরুল আলম, ইলিয়াছ, জিয়াউল হক, নুর মোহাম্মদ আল কাদেরী, শহিদুল্লাহ ও জহিরুল হককে ঘটনার পরিকল্পনাকারী হিসেবে দেখানো হয়েছে।
এই ২১ জনের মধ্যে হাবিবুর রহমান, নুর মোহাম্মদ, ইলিয়াছ, জিয়াউল, দিদারুল, আলম মেম্বার ও জাহিদুল জামিনে রয়েছেন। শফিউল আলম, আবদুল্লাহ আল মাহমুদসহ কয়েকজন কারাগারে রয়েছেন৷ আজগর সালেহী, জুনাইদ, এরশাদ ও বেলালসহ অনেকেই পলাতক রয়েছেন। অভিযোগপত্রে অন্যদের মধ্যে নাম রয়েছে তৌফিকুল ইসলাম, এজাহার মিয়া, শহীদুল্লাহ, সাজ্জাদ, ইয়াকুব, লোকমান, জামাল, হাফিজুর রহমান, হাছান চৌধুরী, আবু তৈয়ব, আক্কাস, হাসেম, জসীম, আবদুর রহিম, জহুর মিয়া, নাছির, হারুন, আবু নাছের, মাসুদ বিল্লাহ, আলমগীর, ইয়াকুব, মহিবুল্লাহ, রুবেল ও ইয়াহিয়া৷ ইয়াহিয়াসহ ১৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ভূজপুরে তাণ্ডবের ঘটনায় করা মামলায় ১৩ মাসে পুলিশ এজাহারভুক্ত ও সন্দেহভাজন মিলিয়ে ১৮৮ জনকে গ্রেপ্তার করেছে৷ তাঁদের মধ্যে জামিনে আছেন ৭০ জন। তিনি বলেন, অভিযোগপত্রভুক্ত আসামিদের বেশির ভাগই জামায়াত-শিবিরের, হেফাজতেরও অনেকে আছেন৷
অভিযোগপত্রে বলা হয়, ঘটনার কয়েক দিন আগে শফিউল আলম নুরীর নেতৃত্বে আসামিরা কয়েক দফা বৈঠক করেন। বেলাল মুঠোফোনের মাধ্যমে বিষয়টি মনিটরিং করতেন। মাইকের মাধ্যমে প্রথম উসকানি দেন বেলাল ও দুর্ধর্ষ শিবির ক্যাডার কালাইয়া। গুজব শুনে ও উসকানিতে ভূজপুরের কাজীরহাট থেকে রাবারড্যাম এলাকা পর্যন্ত রাস্তায় হাজার হাজার লোক নেমে আসে। এ সুযোগে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালান।
ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির ও অভিযোগপত্রে নাম থাকা হাবিবুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছিল, জামায়াত-শিবিরের লোকজন জড়িত নয়। রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁদের এ মামলায় জড়ানো হয়েছে।
ফটিকছড়ি আসনের একসময়ের সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের কিছু সমর্থক পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়েছে।