কক্সবাজারের সাগর দ্বীপ মহেশখালী উপজেলার প্রায় তিন লাখ মানুষ জিম্মি দুই শতাধিক সন্ত্রাসীর হাতে। দিনের বেলায় পাহাড়ে আর রাতে সাগরে অবস্থান করায় সন্ত্রাসীদের ধরতে পারছে না পুলিশ ও র্যাব। গত ১০ বছরে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন পুলিশের একজন উপপরিদর্শকসহ (এসআই) বিভিন্ন রাজনৈতিক দলের ৩৬ জন নেতা-কর্মী-সমর্থক।স্থানীয় কয়েকজন লবণচাষি জানান, প্রায় প্রতিদিন চাঁদার জন্য সন্ত্রাসীরা উপকূলে হামলা-মারধর, চিংড়িঘের ও লবণের মাঠ দখল, ট্রলারে মাছ লুটের ঘটনা ঘটিয়ে চলেছে। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের কতিপয় নেতা সন্ত্রাসীদের লালনপালন করায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত সোমবার রাতে উপজেলার কুতুবজোন এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে উপজেলা যুবলীগের সহসভাপতি আবু বক্কর ছিদ্দিককে। নিহত ব্যক্তির ছোট ভাই আবু ছিদ্দিক বলেন, চাঁদার দাবিতে স্থানীয় সালাহ উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ অস্ত্রধারী সন্ত্রাসী আবু বক্করকে খুন করে পাহাড়ে আত্মগোপন করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যায় জড়িত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাহাড় ও সাগরে আত্মগোপন করায় অন্য সন্ত্রাসীদের ধরা যাচ্ছে না।অনুসন্ধানে জানা গেছে, উপজেলার সৈয়দ নুর, জিয়া, তালেব, আকতার হামিদ, এনাম, ইউনুছ, রমিজ, জাম্বু ও সরোয়ার বাহিনীর দুই শতাধিক সন্ত্রাসীর হাতে ভারী অস্ত্র একে-৪৭, এম-১৬সহ দেড় শতাধিক অবৈধ অস্ত্র রয়েছে। এসব অস্ত্র দিয়ে রাতের বেলায় সাগরে মাছ ধরার ট্রলারে লুটপাট এবং দিনের বেলায় উপকূলে চাঁদাবাজি চলছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, সন্ত্রাসীদের কবল থেকে মহেশখালীর তিন লাখ মানুষকে বাঁচানো যাচ্ছে না। অবৈধ অস্ত্রের ব্যবহার ও বিক্রির কারণে মহেশখালী সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। উপজেলা বিএনপির এক নেতা জানান, সন্ত্রাসীরা এখন সাগর আর উপকূল—দুটিই নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক দলের কতিপয় নেতা জলদস্যু ও সন্ত্রাসীদের নানা অপকর্মে মদদ দিয়ে সুবিধা আদায় করছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মহেশখালী ঘুরে এসে জেলার পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার আর সন্ত্রাসীদের ধরতে মহেশখালীতে অভিযান চলছে।