দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়ার মনখালী সেতু থেকে বড় ডেইল এলাকা পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ।
ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, সাগর উপকূলে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দুপাশে সাত শতাধিক অবৈধ দখলদার চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঝুপড়িঘর, আধা পাকা ভবন, টিনের ঘর ও দোকানপাট। তিনি বলেন, সড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অভিযানে সহযোগিতা করেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। কিন্তু দখলদারেরা স্থাপনা সরিয়ে নেননি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উচ্ছেদের পর নতুন করে কেউ আবার স্থাপনা তোলার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।