দুই শতাধিক সড়কবাতির অধিকাংশই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সাতমসজিদ রোডের ধানমন্ডি ২৭ নম্বর থেকে জিগাতলা বাসস্ট্যান্ড পর্যন্ত অংশের দুই শতাধিক সড়কবাতির প্রায় সবগুলোই নষ্ট। সড়কের পাশের ব্যবসাপ্রতিষ্ঠান আর যানবাহনের আলো দিয়েই চলছে নগরবাসীর রাতের যাতায়াত। ব্যস্ত সড়কটি অন্ধকারে ডুবে থাকায় দুর্ঘটনার পাশাপাশি ছিনতাইয়ের শঙ্কাও বাড়ছে।
সাতমসজিদ রোডের ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে শংকর, ধানমন্ডি ১৫ নম্বর হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক বিভাজকে শতাধিক ল্যাম্পপোস্ট আছে। সড়কের দুই পাশ আলোকিত করার জন্য প্রতিটি ল্যাম্পপোস্টে আছে দুটি করে বাতি লাগানোর ব্যবস্থা। গত সোমবার রাতে দেখা যায়, এসব ল্যাম্পপোস্টের অধিকাংশ বাতিই জ্বলে না। ধানমন্ডির বাসিন্দা অভি চৌধুরী বলেন, ‘সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর সড়কে ভুতুড়ে অন্ধকার। এই সুযোগে ছিনতাইকারীরা রিকশাযাত্রীদের ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। আলো না থাকলে সিসি ক্যামেরায় ভালো ছবি আসবে না। অপরাধী কীভাবে শনাক্ত হবে?’
এই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এই সড়কে সোডিয়াম বাতি ও এনার্জি সেভিং (জ্বালানিসাশ্রয়ী) দুই ধরনের বাতিই আছে। বাতিগুলো কিছুদিন আগেও ঠিক ছিল। বৃষ্টি-বজ্রপাতে অনেক বাতি নষ্ট হয়ে গেছে।
দেখা যায়, ১৫-২০টি ল্যাম্পপোস্টের পরে হঠাৎ একটি-দুটি বাতি জ্বলছে। ঈদ উপলক্ষে ব্যবসাপ্রতিষ্ঠান সজ্জিত করায় সেই আলো সড়কে এসে পড়ছে। সাতমসজিদ রোডে বেশ কয়েকটি বিপণিবিতান আছে, সেগুলোর আলো আর যানবাহনের হেডলাইটের আলোই ভরসা। ব্যক্তিগত গাড়ির চালক নুরুজ্জামান বলেন, ‘লোকজন রাস্তা পার হতে অন্ধকার বিভাজকে দাঁড়িয়ে থাকে। লাইট না থাকায় হুট করে অন্ধকার থেকে গাড়ি সামনে এসে পড়ে। তিন-চার দিন আগে এমন এক ঘটনা ঘটেছিল। জোরে ব্রেক না করলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।’
প্রতি অর্থবছরে দুই সিটি করপোরেশনে বৈদ্যুতিক মালামাল ক্রয় খাতে বড় অঙ্কের বরাদ্দ থাকলেও অনেক সড়ক অন্ধকারে ডুবে থাকে। ২০১৫-১৬ অর্থবছরে সড়কে বিদ্যুতায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরাদ্দ ছিল পাঁচ কোটি টাকা। গত বছরের মে মাসে দায়িত্ব নেওয়ার পর নগর ভবনে প্রথম সংবর্ধনায় ঢাকা দক্ষিণের মেয়র বলেছিলেন, দক্ষিণের ৮০ ভাগ সড়কবাতি অকার্যকর।
ডিএসসিসি এলাকার অধিকাংশ সড়কে সোডিয়াম বাতি নষ্ট হয়ে যাওয়ার পর সেখানে স্বল্প আলোর এনার্জি সেভিং বাতি লাগানো হয়েছে। কিন্তু এই বাতিগুলো খুব বেশি দিন স্থায়ী হয় না। ডিএসসিসির বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বাতির বৈদ্যুতিক কেব্লে কার্বন জমে যাওয়া, জং ধরা, স্টার্টার বা টিউব নষ্ট, বৃষ্টির পানি পড়ে বাতি নষ্ট হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এনার্জি সেভিং বাতিগুলো নষ্ট হয়ে যায়।
ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ সার্কেল) মো. জাফর আহম্মেদ প্রথম আলোকে বলেন, আগামী ছয় মাসের মধ্যে সাতমসজিদ রোডে আধুনিক এলইডি বাতি লাগানো হবে। সোডিয়াম বাতির সংকট থাকায় অনেক বাতি বদলিয়ে এনার্জি সেভিং বাতি লাগানো হয়েছে। নষ্ট বাতিগুলো দ্রুত বদলিয়ে দেওয়া হবে।