দুটি শর্তে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগে দুই হাজার শ্রমিক নিয়োগে প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনুমোদন পাওয়ায় এখন ঘরে ঘরে গিয়ে (ডোর টু ডোর) বর্জ্য সংগ্রহ কার্যক্রমের বাধা দূর হবে বলে জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খলিল আহমদ স্বাক্ষরিত শ্রমিক নিয়োগের অনুমোদনের চিঠি গত রোববার পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তবে নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে দুজন করে মোট ৮২ কর্মচারী নিয়োগে সিটি করপোরেশনের প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রণালয়।
শ্রমিক নিয়োগে মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দুটি শর্ত হচ্ছে, শ্রমিকদের পরিচ্ছন্নতা বিভাগের কাজ ছাড়া অন্য কোনো কাজে নিয়োজিত করা যাবে না। সিটি করপোরেশনে দৈনিক ভিত্তিতে কর্মরত সকল শ্রমিকের তথ্য এক মাসের মধ্যে এবং অনুমোদন করা শ্রমিকদের তথ্য নিয়োগ দেওয়ার এক মাসের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, গত ১ আগস্ট ঘরে ঘরে গিয়ে সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এই কার্যক্রম বাস্তবায়নে পরিচ্ছন্নতা বিভাগের তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে ৩৫ জন এবং চতুর্থ শ্রেণির শ্রমিক পদে ২ হাজার শ্রমিক নিয়োগের জন্য গত ২০ ও ২২ জুলাই জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে অনুমোদন না নিয়ে নিয়োগ-প্রক্রিয়া শুরু করায় গত ৩১ জুলাই তা স্থগিত করে দেয় মন্ত্রণালয়।
সিটি করপোরেশনের সচিবালয় বিভাগ সূত্র জানায়, পরিচ্ছন্নতা বিভাগে দুই হাজার শ্রমিক ও ৪১টি ওয়ার্ডে দুজন করে ৮২ জন কর্মচারী নিয়োগের অনুমোদন চেয়ে গত ১ আগস্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আবুল হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ায় দ্রুত নিয়োগ-প্রক্রিয়ার কাজ শুরু করা হবে।