ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফলে দুই শাখার মধ্যে ফলবৈষম্য দেখা দিয়েছে। মাস্টার্স ১ম সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় এক শাখার ৯০ ভাগ শিক্ষার্থী উচ্চমানের নম্বর পেয়েছেন, অন্য শাখায় এ হার ২১ ভাগ।
বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ‘ক’ শাখার ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৪ জন জিপিএ-৩ দশমিক ৫০-এর বেশি নম্বর পেয়েছেন। অথচ একই পরীক্ষায় ‘খ’ শাখার ১৩৩ শিক্ষার্থীর মধ্যে ২৮ জন এ নম্বর পেয়েছেন, যা শতকরা ২১ ভাগ।
গত বুধবার ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছিল। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ছোটাছুটি করছেন তাঁদের সমস্যার সমাধানের কোনো উপায় বের করতে। বিভাগীয় চেয়ারম্যান ছুটিতে থাকায় কার কাছে যাবেন ঠিক করতে পারছেন না তাঁরা। শেষ পর্যন্ত ‘খ’ শাখার শিক্ষার্থীরা উপাচার্যের কাছে ফল পুনর্মূল্যায়নের দাবি জানান।
উপাচার্যের ৫ মার্চ, ২০১৪ তারিখের এক আদেশ অনুযায়ী ২০১৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ জিপিএ-৩ দশমিক ৯৪ পাওয়া পাঁচজন শিক্ষার্থীর সবাই ‘ক’ শাখার শিক্ষার্থী। ৩ দশমিক ৮৮ পাওয়া পাঁচজনও একই শাখার। ৩ দশমিক ৮১ পেয়েছেন ১৪ জন। এঁরাও সবাই ‘ক’ শাখার শিক্ষার্থী।
‘খ’ শাখার সর্বোচ্চ জিপিএ-৩ দশমিক ৭৫ পেয়েছেন তিনজন। একই জিপিএ পেয়েছেন ‘ক’ শাখার ২২ জন, ১৫ জন পেয়েছেন ৩ দশমিক ৬৯। ‘খ’ শাখার শিক্ষার্থীদের মধ্যে এ জিপিএ পেয়েছেন দুজন।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সেমিস্টার পদ্ধতির নিয়ম যথাযথ না মানার কারণে এ বৈষম্য হয়েছে। বিভাগ যদি চূড়ান্ত পরীক্ষার আগে ইনকোর্স ও মিডটার্মের ফল প্রকাশ করত, তবে শিক্ষার্থীরা আগেই তাদের অবস্থা জেনে সংশ্লিষ্ট শিক্ষককে অবহিত করতে পারত। তাহলে এখন আর এ সমস্যা হতো না।’
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে বিষয়টি জানিয়েছে। তাদের চেয়ারম্যানের মাধ্যমে আসতে বলা হয়েছে।’