দুই শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সাজাপ্রাপ্ত এক শিক্ষককে বরখাস্ত এবং ছুটি শেষ হওয়ার পরও দীর্ঘ সময় দেশের বাইরে থাকার অভিযোগে আরেক শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই দুজনই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষক। সিন্ডিকেট সদস্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১১ সালে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে শিক্ষক রুহুল আমিন স্ট্যাটাস দেন বলে অভিযোগে ওঠে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। মামলায় গত বছর ১২ আগস্ট তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। সিন্ডিকেটে এর ভিত্তিতে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান অধ্যাপক কামরুল।
এ ছাড়া ছুটি শেষ হওয়ার পরও তিন বছর দেশের বাইরে থাকার অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সহকারী অধ্যাপক মুফতি মাহমুদকে। ছুটি শেষ হওয়ার পরও যোগদান না করায় বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে চারবার নোটিশ পাঠানো হয়েছে। তারপরও কাজে যোগদান না করায় তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা যায়।