দুই শিক্ষক চাকরিচ্যুত, একজনের পদাবনতি
ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া গবেষণায় চৌর্যবৃত্তির দায়ে এক শিক্ষকের পদাবনতি হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম আজম এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রভাষক হীরা লাল পাল। এ ছাড়া বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু সায়েমকে পদাবনতি করে সহকারী অধ্যাপক করা হয়েছে।
সিন্ডিকেট সদস্যরা জানান, আগামী দুবছর আবু সায়েমকে পদোন্নতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ করেন ফারসি বিভাগের সহযোগী অধ্যাপক আবু মূসা মো. আরিফ বিল্লাহ। অভিযোগে বলা হয়, আরিফ বিল্লাহর একটি প্রবন্ধের কিছু অংশ কোনো ধরনের সূত্র উল্লেখ ছাড়াই আবু সায়েম নিজের বলে চালিয়ে দিয়েছেন। পরে এটি নিয়ে একটি তদন্ত কমিটি হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে আবু সায়েমের পদাবনতির সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম আজম দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে বিদেশে অবস্থান করছেন। এ ছাড়া হীরা লাল পাল শিক্ষা ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর আর ফেরেননি। তাঁকে আগে একটি সিন্ডিকেট সভা থেকে নোটিশ পাঠানো হয়। কিন্তু সেই নোটিশের কোনো জবাব পাওয়া যায়নি। ফলে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।