দুই শিক্ষক দিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছার পাঠক শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-সংকটে লেখাপড়া ব্যাহত হচ্ছে। সাত বছর ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য। চারজন সহকারী শিক্ষকের মধ্যে একজন প্রশিক্ষণে ও একজন অন্য বিদ্যালয়ে প্রেষণে আছেন। বর্তমানে ২৩০ জন শিক্ষার্থীর বিদ্যালয়ে পাঠদান চলছে দুজন শিক্ষক দিয়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ মে প্রধান শিক্ষক জহুরুল ইসলাম অবসরে যাওয়ার পর থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য। চারজন সহকারী শিক্ষকের মধ্যে গত বছরের জুলাইয়ে আলমগীর হোসেন দেড় বছরের জন্য প্রশিক্ষণে যান। ১৩ আগস্ট সহকারী শিক্ষক নাজিরা তাছমিনকে উপজেলার গুঞ্জর খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে পাঠানো হয়েছে।
গতকাল রোববার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা পীরগাছায় মাসিক সমন্বয় সভায় গেছেন। আর সহকারী শিক্ষক নূর আলম সিদ্দিকী একাই বিদ্যালয়ে পাঠদান করছেন। তিনি পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ কুমার বলে, ‘বর্তমানে দুজন শিক্ষক দিয়ে আমাদের ক্লাস ঠিকমতো হচ্ছে না। তাই আমরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছি।’ সহকারী শিক্ষক নূর আলম সিদ্দিকী বলেন, শিক্ষক-সংকটে জোড়াতালির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা মুঠোফোনে বলেন, সাত বছর ধরে প্রধান শিক্ষক নেই। তিনিই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনসহ দুজন শিক্ষক দিয়ে কোনো রকমে পাঠদান চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ে শিক্ষক চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বারবার আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা হরি শংকর সরকার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সহকারী শিক্ষক নাজিরা তাছমিনকে অন্য বিদ্যালয়ে প্রেষণে দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়ে অন্য একজন শিক্ষক দেওয়া হবে।