দুই শিক্ষক দিয়ে চলছে মনোবিজ্ঞান বিভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে শিক্ষক রয়েছেন মাত্র দুজন। এই দুজন দিয়ে চলছে বিভাগের ছয়টি ব্যাচের শিক্ষা-কার্যক্রম। আবার বিভাগের শিক্ষার্থীদের জন্য আছে মাত্র দুটি শ্রেণীকক্ষ।জানা গেছে, বিভাগে চারজন শিক্ষকের মধ্যে একজন সম্প্রতি অব্যাহতি নিয়ে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। আরেকজন অসুস্থতার কারণে ছুটিতে আছেন। ফলে প্রয়োজনীয় শিক্ষক ও শ্রেণীকক্ষ-সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ হচ্ছে না। এতে দেড় থেকে দুই বছরের সেশনজট দেখা দিয়েছে। মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মো. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিভাগের শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক রাখতে অন্তত আটজন শিক্ষক দরকার। বিভাগের পরিকল্পনা কমিটির বৈঠকে ছয়জন শিক্ষক নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সম্প্রতি বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, মনোবিজ্ঞান বিভাগে দুজন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। নিয়োগ হলে সমস্যা কিছুটা কেটে যাবে। বিভাগের আরেক শিক্ষক আফজাল হোসেন বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করতে দ্বিগুণ ক্লাস নিচ্ছি।’ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে চালু হয় মনোবিজ্ঞান বিভাগ। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক শ্রেণীর চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ হওয়ার নির্ধারত সময় ছিল গত বছর মার্চ-এপ্রিল। এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখনো পরীক্ষাই শুরু হয়নি। ফলে স্নাতক শ্রেণীতে চারটি ব্যাচ থাকার কথা থাকলেও আছে ছয়টি। বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বিভাগের দুই শিক্ষক দ্বিগুণ ক্লাস নিয়েও নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করতে পারছেন না। শিক্ষক-সংকটের কারণে এখনো দুটি বিষয়ে পড়ানো শুরু হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এখন স্নাতকোত্তর প্রায় শেষ করার পথে।