কুমিল্লার দাউদকান্দি উপজেলার আউটবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ জন শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র দুজন শিক্ষক দিয়ে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয় থেকে উপজেলা শিক্ষা কার্যালয়ের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। দাপ্তরিক কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিতুল ইসলামকে শিক্ষা কার্যালয়ে যেতে হলে ওই দিন সহকারী শিক্ষক ফয়সালুর রহমান একাই শিশু শ্রেণিসহ ছয়টি শ্রেণির পাঠদান করাতে হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম জানান, ‘এই বিদ্যালয়ে মোট পাঁচজন শিক্ষকের পদ রয়েছে। দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তিনজন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক রেহেনা আক্তার চলতি মাসে মাতৃত্বকালীন ছুটিতে গেছেন। এরপর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৩৬ জন শিক্ষার্থীর পাঠদান করছেন। বিদ্যালয়ের শূন্য পদ দুটি পূরণ করার জন্য শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার বলেছি। কিন্তু কাজ হচ্ছে না।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম সরকার ও জোহরা আক্তার বলে, শিক্ষকের অভাবে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা মমতাজ বেগম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিতুল ইসলাম দাপ্তরিক কাজে উপজেলা কার্যালয়ে গেলে সকাল বেলার শিশু, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণিতে পাঠদান সহকারী শিক্ষক ফয়সালুর রহমান একা সামলাতে হিমশিম খান। চিৎকার-চেঁচামেচিতে সময় পার হয়। শিক্ষক যে শ্রেণিতে ঢোকেন, সে শ্রেণিতে চেঁচামেচি বন্ধ হয়। বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার চেঁচামেচি শুরু হয়। দুপুরে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাসেও চলে একই অবস্থা।
প্রধান শিক্ষক মো. মহিতুল ইসলাম বলেন, ‘শিক্ষক–সংকটের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস ও সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুস সালামকে মৌখিকভাবে অবহিত করেছি। কাছাকাছি বিদ্যালয়ে বেশি শিক্ষক আছে কি না, দেখার জন্য বলেছেন। কাছাকাছি বিদ্যালয়ে বেশি শিক্ষক না থাকার বিষয়টি জানিয়ে দিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, অন্য বিদ্যালয় থেকে প্রেষণে কমপক্ষে একজন শিক্ষক এনে ওই বিদ্যালয়ে দেওয়ার চেষ্টা চলছে।