দুই শিক্ষক নেতাসহ সাতজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক নেতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্তাব্যক্তিসহ সাতজনকে হত্যার হুমকি দিয়ে উপাচার্য বরাবর চিঠি পাঠিয়েছে এম এ কাদেরী শাহনেওয়াজ নামের এক ব্যক্তি। ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে তাঁদের হত্যা করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। উপাচার্য দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী জিপিও থেকে পোস্ট করা ও হাতে লেখা ওই রেজিস্ট্রি চিঠি গতকাল বুধবার বেলা একটায় উপাচার্য দপ্তরে পৌঁছে। ‘ভয়ংকর তথ্য’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘাতময় দুই পক্ষের বাইরে অন্য কোনো পক্ষ ভয়ংকর এক হত্যা পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে বেকায়দায় ফেলাই এ পরিকল্পনার লক্ষ্য।’ ১৯ ফেব্রুয়ারি রাজশাহীর আলুপট্টি এলাকায় অবস্থিত পরিত্যক্ত এক অমুসলিম নাগরিকের বাড়িতে তাদের হত্যার পরিকল্পনা নেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, ‘চারটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের অর্ধশত কিলার এ মিশনে অংশ নেবে। পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) ও জনযুদ্ধ তাতে নেতৃত্ব দেবে। ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে এ হত্যাযজ্ঞ ঘটানো হবে। একসঙ্গে ঝটিকা আক্রমণ হবে অথবা পর্যায়ক্রমে ঘটানো হবে এ হত্যাকাণ্ড।’ চিঠিতে ছাত্রশিবিরের দুই নেতা-কর্মী, ছাত্রলীগের দুই নেতা-কর্মী, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজের (হলুদ প্যানেল) একজন শিক্ষক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকসমাজের (সাদা প্যানেল) একজন শিক্ষক নেতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্তাব্যক্তিকে হত্যা করা হবে বলে উল্লেখ করা হলেও চিঠিতে তাঁদের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ ভীতি ছড়ানোর জন্য এ ধরনের কাজ করে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।