উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্রে নতুন করে লেখার সুযোগ দেওয়ার চেষ্টার অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক সুবল চন্দ্র রায় ও সাচিবিকবিদ্যা বিভাগের প্রভাষক আশরাফুল আলম। আশরাফুল আলমকে দুই দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আখতার জানান, কলেজ পরিচালনা পর্যদের সভাপতি ফয়জার রহমানের সভাপতিত্বে গতকাল রোববার বিকেলে একটি জরুরি সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে উত্তরপত্র জালিয়াতির চেষ্টার অভিযোগে শিক্ষক সুবল চন্দ্র রায় ও আশরাফুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আশরাফুল আলমকে গতকাল রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এসআই রাশেদুল আরও জানান, ঘটনার দিন আশরাফুল আলমের কাছ থেকে উদ্ধার করা ৮৮টি উত্তরপত্র দিনাজপুর শিক্ষা বোর্ডের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক খ. ম. রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, আশরাফুল আলমের কাছ থেকে এবং সুবল চন্দ্রের বাড়ি থেকে উদ্ধার করা উত্তরপত্রগুলো অন্য কোনো পরীক্ষককে দিয়ে মূল্যায়ন করা হবে।এসআই রাশেদুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি পরীক্ষক সুবল চন্দ্রকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।গত বুধবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদনকেন্দ্র ভিন্নজগতের পাশে একটি হোটেলের ফটকের সামনে থেকে প্রভাষক আশরাফুল আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর কাছে থাকা এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ৮৮টি উত্তরপত্র উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই আরও ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।আশরাফুল আলম জানান, পরীক্ষক হিসেবে সুবল চন্দ্র উত্তরপত্রগুলো বোর্ড থেকে তুলেছিলেন। উত্তরপত্রে নতুন করে লেখার সুযোগ দেওয়ার জন্য প্রায় ১০০ পরীক্ষার্থীর কাছ থেকে তাঁরা পাঁচ থেকে সাত হাজার করে টাকা নিয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই পরীক্ষার্থীরা বিনোদনকেন্দ্র ভিন্নজগতে জড়ো হয়ে নিজ নিজ উত্তরপত্রে নতুন করে লিখবে এমন কথা ছিল।এ ঘটনায় সুবল চন্দ্র এবং গ্রেপ্তার হওয়া আশরাফুল আলমসহ সাতজনকে আসামি করে গঙ্গাচড়া থানায় মামলা করেন ডিবির এসআই মুস্তাফিজুর রহমান।