দুই শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার দুই শিক্ষক হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলনে নেমেছেন।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জেলার ১০ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সমবেত হন। তাঁরা সেখানে মানববন্ধন করেন।মানববন্ধন কর্মসূচিতে নিহত শারমিন জাহানের স্বামী জসিমউদ্দিন আনোয়ার বলেন, ‘সিরাজুল ইসলাম আবুল আমার স্ত্রীকে উত্ত্যক্ত করত। এ বিষয়ে আমি থানায় জিডি করতে চাইলে থানা তা নেয়নি। আমরা খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’নিহত ফরিদ জোমাদ্দারের মা মমতাজ বেগম বলেন, ‘আমার ছেলে খুন হলো কেন, এর জবাব চাই। প্রকাশ্যে দিনের বেলা ডেকে নিয়ে খুন করার পর এক মাস পার হলেও আজ পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। উল্টো সন্ত্রাসীরা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। ছেলে হত্যার বিচারের জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই।’প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেনের সভাপতিত্ব মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন খেলাঘর বরিশাল জেলা সভাপতি জীবনকৃষ্ণ দে, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার তোফায়েল আহম্মেদ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ প্রমুখ।বক্তারা বলেন, অবিলম্বে আগৈলঝাড়ার শিক্ষক শারমিন জাহান এবং গৌরনদীর ফরিদ জোমাদ্দারের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।২২ সেপ্টেম্বর গৌরনদীর পিংগলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ জোমাদ্দার এবং ২২ দিন পর আগৈলঝাড়ার পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহান সন্ত্রাসীদের হাতে নিহত হন।