দুই শিক্ষককে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন দুই শিক্ষককে বিনা কারণে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ছাত্ররা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করে শ্রেণিকক্ষে ভাঙচুর ও বিক্ষোভ করেছে।
প্রধান শিক্ষক পদে নিয়োগের দ্বন্দ্বের জের ধরে পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ওই দুই শিক্ষককে অব্যাহতি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সভাপতির পক্ষের একজনের লাঠির আঘাতে অন্তত পাঁচজন ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত রিফাত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোস্তফা কামালের মধ্যে প্রধান শিক্ষক পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বছরের ২ ডিসেম্বর বিদ্যালয়ের আগের প্রধান শিক্ষক আবুল কাশেমের বিদায়ের পর পদাধিকার বলে মোস্তফা কামাল প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। ৩ ডিসেম্বর সভাপতি আবু বকর নামের আরেক শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে মোস্তফা কামালকে বরখাস্ত করেন। মোস্তফা কামাল গত ৫ জানুয়ারি ওই প্রস্তাবনার বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত ১৩ জানুয়ারি ওই প্রস্তাবনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শফিকুল ইসলাম বিদ্যালয়ে ইংরেজির খণ্ডকালীন শিক্ষক তানভিরুল ইসলাম ও গণিতের শিক্ষক হাফিজুর রহমানকে বিদ্যালয় থেকে অব্যাহতি ও নতুন পাঁচ শিক্ষককে নিয়োগ দেন। মোস্তফা কামালকেও বহিষ্কারের ঘোষণা দিলে ছাত্ররা উত্তেজিত হয়ে ক্লাস বর্জন করে। তারা খণ্ডকালীন শিক্ষকদের অব্যাহতি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু এবং ক্ষুব্ধ হয়ে শ্রেণিকক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।
মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, সভাপতি কাউকে না জানিয়ে, কোনো নিয়ম অনুসরণ না করেই বিদ্যালয়ের পুরোনো শিক্ষকদের ছাঁটাই করে পাঁচজন নতুন শিক্ষক নিয়োগ দিলে ছাত্ররা বিক্ষোভ করে।
পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, মোস্তফা কামালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পরিচালনা কমিটি মানে না। খণ্ডকালীন শিক্ষকেরা বিদ্যালয়ে কোচিং বাণিজ্য করে বলে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় আবু বকর নামের এক শিক্ষককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কবিতা বেগমকেও থানায় আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে পদাধিকার বলে সহকারী প্রধান শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। সে মোতাবেক মোস্তফা কামালই ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।