দুই শিক্ষককে এসিড ছোড়ার ঘটনায় মানববন্ধন
কুমিল্লায় শিক্ষক জসিম উদ্দিন ও আল আমিনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় বিভিন্ন সংগঠন গতকাল বুধবারও মানববন্ধন ও সমাবেশ করেছে। দোষীদের বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। এ ঘটনায় গত পাঁচ দিনেও কেউ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের তৎপরতা নিয়ে হতাশা প্রকাশ করা হয়। গতকাল বিকেল সাড়ে তিনটায় আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় এলাকায় মানববন্ধন করেন। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক আবু আয়ুব হামিদ, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো এসিডবিরোধী আন্দোলনের উপদেষ্টা সংগীতশিল্পী আসিফ আকবর, জমির উদ্দিন খান, মঞ্জুর কাদের, আবদুল মুকিত, মাসুক আলতাফ চৌধুরী প্রমুখ।শিক্ষকদের ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে সন্ধ্যায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেন প্রথম আলোর কুমিল্লা বন্ধুসভার সদস্যরা। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা ও কুমিল্লায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জুয়েলসহ বন্ধুরা। এর আগে মঙ্গলবার দুপুরে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার পক্ষ থেকে জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন এসিড সন্ত্রাস নির্মূল কমিটির উপদেষ্টা পাপড়ি বসু, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি শাহ মো. আলমগীর খান, দিলনাশি মোহসেন, রোকেয়া বেগম, মাহমুদা আক্তার, আলী আকবর, মায়মুনা আক্তার ও আয়েশা ছিদ্দিকা।স্মারকলিপি দেওয়ার সময় পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একজন সহকারী পুলিশ সুপার ও কোতোয়ালি মডেল থানার সদস্যরা মিলে কাজ করছেন।গত শনিবার দুপুরে কুমিল্লা শহরের পুরাতন চৌধুরীপাড়ায় উল্লিখিত উচ্চবিদ্যালয়ের ওই দুই শিক্ষককে বাসায় ফেরার পথে এসিড সন্ত্রাসের শিকার হন। ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা এ ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।