দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্মানে গত শনিবার রাজশাহীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এই অভিযোগে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গতকাল রোববার চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তাঁদের আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্ত দুই শিক্ষক হচ্ছেন উপজেলার হাবিবপুর আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহফুজুল হক ও নন্দনগাছি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজজ্জামান।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বিষয়টি তাঁদের জানানো হয়নি। এভাবে বাচ্চাদের দাঁড় করিয়ে রাখার বিষয়টি এখন বেআইনি। জানার পরে ওই দুই শিক্ষককে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গতকাল নন্দনগাছি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘প্রতিমন্ত্রী এসেই বলেছিলেন, আপনারা বাচ্চাদের দাঁড় করে রাখেন কেন। এতে আমরা বিব্রত হই।’ এর বেশি আর কিছু বলেননি। তিনি কারণ দর্শানো নোটিশও হাতে পাননি বলে জানান।
তবে মাদ্রাসার শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে একজন বলেন, ‘মন্ত্রী মহোদয় ব্যস্ত আছেন। আপনার ফোনের কথা তাঁকে জানানোর চেষ্টা করছি।’