দুই শিক্ষককে চাকরিচ্যুত আরেকজনকে ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। কর্তৃপক্ষকে না জানিয়ে দেশের বাইরে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।চাকরিচ্যুত এই দুই শিক্ষক হলেন অধ্যাপক এ জেড এম আনিসুর রহমান ও সহযোগী অধ্যাপক নুরুল হক। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরীকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই শিক্ষক কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই দেশের বাইরে যান। এটি বিশ্ববিদ্যালয়ের আইনের লঙ্ঘন এবং গর্হিত কাজ। তদন্ত করে তাঁদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শওকত আরা হোসেন বিভাগীয় শিক্ষক হাসানুজ্জামানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনেন। তাই বিভাগীয় কাজ সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে তাঁকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসিনক ভবন সূত্রে জানা যায়, এ জেড এম আনিসুর রহমান ও নুরুল হক দীর্ঘদিন অননুমোদিত ছুটিতে ছিলেন। আনিসুর রহমান প্রথমে চার বছরের শিক্ষা ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে যান। ২০০৭ সালে সেই ছুটি শেষ হওয়ার পর তিনি আবার ২০১০ সাল পর্যন্ত ছুটির জন্য আবেদন করেন। কর্তৃপক্ষ তখন পড়াশোনায় অগ্রগতির বিষয়ে তাঁর তত্ত্বাবধায়কের প্রতিবেদনের ভিত্তিতে এক বছর করে ছুটি বাড়ানোর অনুমতি দেয়।কিন্তু আনিসুর রহমান পরবর্তী সময়ে এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন জমা না দিয়েই ছুটি কাটাতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতে তাঁকে কাজে যোগ দিতে বলা হয়। অন্যথায় চাকরিচ্যুত করা হবে বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়। আনিসুর রহমান তখন নতুন ভিসা পাচ্ছেন না জানিয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। তখন তাঁকে আবারও সময় দেওয়া হয়। অবশেষে কয়েক বছর অনুমতি ছাড়া ছুটি কাটানোর পর এ বছরের ২৫ মে তিনি কাজে যোগ দেন। কিছুদিন বিভাগীয় কাজে অংশগ্রহণের পর গত ১৩ জুলাই আনিসুর রহমান আবার ২৭ জুলাই পর্যন্ত ছুটির জন্য আবেদন করেন। উপাচার্য ওই আবেদন মঞ্জুর না করে তিনি ইতিমধ্যে যে কয়েক বছর ছুটি কাটিয়েছেন, সেই সময়ে কী করেছেন তা কর্তৃপক্ষকে জানাতে বলেন। কিন্তু আনিসুর রহমান এ বিষয়ে কিছু না জানিয়েই বিভাগে আসা বন্ধ করে দেন।এদিকে নুরুল হকও পিএইচডি করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। চার বছর পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে তিনি চাকরির সুযোগ পান। এক বছর ছুটি নিয়ে ওই চাকরি করার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। কিন্তু সিন্ডিকেট ছুটি অনুমোদন না করায় গত জুন মাসে কাজে যোগ দেন নুরুল হক। এরপর আবারও আগস্ট মাস পর্যন্ত ছুটি চেয়ে আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই তিনি বিভাগীয় কাজে আসা বন্ধ করে দেন।দুই শিক্ষকের খোঁজে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সহ-উপাচার্য হারুন-অর-রশিদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে গত ১ আগস্ট প্রথম আলোয় ‘দুই শিক্ষকের সন্ধান পেতে তদন্ত কমিটি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।