দুই শিক্ষককে নির্যাতন চারজন গ্রেপ্তার
দুই শিক্ষককে আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রূপনগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নির্যাতনের শিকার শিক্ষকেরা হলেন, মোহাম্মদ শাহজাদা (২৮) ও সাব্বির হোসেন (২৫)। তাঁরা মিরপুরের ঢাকা সিটি স্কুলের শিক্ষক ও সম্পর্কে চাচাতো ভাই। অপর দিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, আবদুল আজিজ ওরফে চান (৩৮), জালাল হোসেন (৫৭), আসগর আলী (৫২) ও শওকত আলী (৪০)। রূপনগর থানার এসআই মজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে আবদুল আজিজের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত শাহজাদা ও সাব্বিরকে ধরে নিয়ে গিয়ে রূপনগরের একটি বোতল তৈরির কারখানার গুদামে আটকে রাখে। সেখানে তাঁদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পরে হাত-পা বেঁধে তাঁদের সেখানে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।