পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে পাঁচ বছরের জন্য পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদ এবং একই বিভাগের প্রভাষক সোমা দেব। তাঁরা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, ২০১৫ সালের তৃতীয় বর্ষের ৩০৫ নম্বর কোর্সের শিক্ষক ছিলেন তানভীর আহমদ ও সোমা দেব। কোর্সটির দুটি ইনকোর্সের মধ্যে প্রথম ইনকোর্সের দায়িত্বে ছিলেন তানভীর আহমদ। সেটির নম্বর তানভীর আহমদের দেওয়ার কথা থাকলেও নম্বরপত্রে রয়েছে সোমা দেবের হাতে লেখা নম্বর। সেখানে কয়েকটি নম্বরে পরিবর্তন হওয়ায় কাটাকাটি করেন সোমা দেব। কাটাকাটির জায়গাগুলোতে স্বাক্ষরও করেন তিনি। তবে মূল পরীক্ষকের স্বাক্ষর হিসেবে রয়েছে তানভীর আহমেদের স্বাক্ষর।
এর ফলে ওই বর্ষের আটজন শিক্ষার্থী ইনকোর্স দিয়েও কোনো নম্বর পাননি। বিষয়টি নিয়ে তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
তানভীর আহমদ শনিবার রাতে মুঠোফোনে বলেন, ‘আমাদের দুজনকে ওই কোর্সের দায়িত্ব দেওয়া হয়েছিল। যৌথভাবে ক্লাস ও পরীক্ষা নিয়েছি। ইনকোর্সের নম্বরপত্র পরিবর্তনের ক্ষেত্রে ওই নিয়ম জানা ছিল না। এ ঘটনায় আমাদের নোটিশ দেওয়া হয়েছিল। এ জন্য দুঃখ প্রকাশ করেছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা ভঙ্গের কারণে বিভাগের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। সেটি তদন্ত করে প্রমাণ পাওয়ায় তাঁদের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।’