দুই শিক্ষককে পেটাল বখাটেরা
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত ফরিদপুর মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে লাঞ্ছিত হয়েছেন কলেজের উপাধ্যক্ষসহ দুজন শিক্ষক। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে টিপু পাটাদার নামের স্থানীয় এক যুবক ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। সে সময় কলেজের ভূগোল বিভাগের প্রভাষক রহমান শেখ শহীদ মিনারের পাদদেশে গিয়ে ওই যুবককে স্থান ত্যাগ করতে বলেন। টিপু স্থান ত্যাগ করতে না চাইলে জোরাজুরির ঘটনায় টিপু ক্ষিপ্ত হয়ে শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়ে মুঠোফোনে তাঁর দুই সহযোগী তারিখ পাটাদার ও শাওন পাটাদারকে ক্যাম্পাসে ডেকে আনেন।শিক্ষক রহমান শেখ কলেজের দোতলায় শিক্ষকদের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে অন্য শিক্ষকদের বিষয়টি অবহিত করেন। পরে ওই তিন যুবক কলেজের দোতলায় উঠে প্রভাষক রহমান শেখকে মারপিট করেন। রহমানকে বাঁচাতে এসে প্রহূত হন কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম। একপর্যায়ে বখাটেরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।কলেজ সূত্রে জানা গেছে, এ ঘটনার পর সকাল ১০টার দিকে কলেজের কয়ে শ শিক্ষার্থী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করে এবং একপর্যায়ে ক্যাম্পাস থেকে ১০০ মিটার দূরে অবস্থিত ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীরা অভিযোগ করে, টিপু ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ছাত্রীদের হয়রানি করে আসছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ ম. হালিম বলেন, এ ব্যাপারে টিপুসহ চার বহিরাগতের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত বখাটেদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।