ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার কর্মকর্তাদের হাতে তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের দুই শিক্ষক প্রহূত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের প্রভাষক আলমগীর হোসেন বলেন, ‘গতকাল দুপুর দেড়টার দিকে আমি বিজ্ঞান অনুষদ ভবনের চতুর্থ তলায় নিজের কক্ষে ছিলাম। এ সময় খাদ্য ও পুষ্টি বিভাগের শাখা কর্মকর্তা হারুন-উর-রশিদ আমার কক্ষে ঢোকেন এবং আমাকে “তুমি” বলে সম্বোধন করে কুশল জিজ্ঞাসা করেন। “তুমি” সম্বোধনে আমি অপমানিত বোধ করে এর প্রতিবাদ জানাই। তখন ওই কর্মকর্তা সেখান থেকে চলে যান। এর ঘণ্টা খানেক পর বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের শাখা কর্মকর্তা সহিদুর রহমান ও সহকারী রেজিস্ট্রার জামাল হোসেনকে নিয়ে আবার আমার কক্ষে ঢোকেন হারুন-উর-রশিদ। তখন সেখানে উপস্থিত ছিলেন একই বিভাগের প্রভাষক সাদেক আলী। এরপর ওই কর্মকর্তারা কক্ষের দরজা বন্ধ করে দিয়ে আমাকে হুমকি-ধমকি দিতে থাকেন। সাদেক আলী এর প্রতিবাদ করায় ওই কর্মকর্তারা আমাদের কিল-ঘুষি মেরে আহত করে সেখান থেকে চলে যান।’প্রভাষক সাদেক আলীও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবাদ জানিয়ে উপাচার্য এম আলাউদ্দিন বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে কর্মকর্তা হারুন-উর-রশিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন রেখে দেন। অভিযুক্ত অপর দুই কর্মকর্তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সমিতির পক্ষ থেকে আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’এ বিষয়ে সহ-উপাচার্য কামাল উদ্দিন বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমি মনে করি তাঁরা আমার গায়েও হাত দিয়েছেন, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’