দুই শিক্ষককে মারধরের পর চাকরিছাড়া করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে সাংসদের উপস্থিতিতে দুই স্কুলশিক্ষককে পিটিয়ে আহত করার পর এখন এলাকা ও চাকরিছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। ফের আক্রান্ত হওয়ার আতঙ্কে ওই দুই শিক্ষক গতকাল শনিবার স্কুলে যাননি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য সারোয়ার আলম শিক্ষক পেটানোর নেতৃত্ব দেন। সারোয়ার স্থানীয় হাফেজ আ. রাজ্জাক পাইলট উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং সাংসদের অনুসারী হিসেবে পরিচিত। জানা গেছে, বিভিন্ন মেয়াদে প্রায় ৪০ বছর রাজ্জাকুন্নেছা পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ আ. রাজ্জাক পাইলট উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজবাহ উদ্দিন আহমেদ। তিনি সারোয়ার আলমের বাবা। বর্তমানে তিনি রাজ্জাকুন্নেছা পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের অস্থায়ী (এডহক) কমিটির সভাপতি। গেল বছরের নভেম্বর মাসে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। বাবার পক্ষ হয়ে তখন সারোয়ার আলম অন্য কাউকে মনোনয়নপত্র কিনতে দেননি। পরে বাবা-ছেলের ‘ইচ্ছা’র কমিটি হয়। অনিয়মের প্রতিবাদ জানান ওই দুই শিক্ষকসহ কয়েকজন শিক্ষক। এর পর থেকে তাঁরা মিজবাহ উদ্দিনের চক্ষুশূল হন। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজিজুর রহমান, আবদুল কুদ্দুস ও দুই নারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে এক নারী শিক্ষকের বিরুদ্ধে অরুচিকর ও অশালীন অভিযোগ আনা হয়। প্রতিকার পেতে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে আজিজুর ও দুই নারী শিক্ষক স্থানীয় সাংসদ আফজাল হোসেনের সঙ্গে দেখা করেন। সাংসদের মালিকানাধীন পৌর শহরের এ বি ছিদ্দিক টাওয়ারে সাংসদের সঙ্গে কথা বলার সময় উপস্থিত সারোয়ার আলম তাঁর অনুসারীদের নিয়ে শিক্ষকদের ওপর হামলা চালান। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১০টার দিকে আফজাল হোসেন এবং ওই নারী শিক্ষক বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে সারোয়ার আবার তাঁদের ওপর হামলা চালান। দৌড়ে তাঁরা আত্মরক্ষা করেন। তবে তাঁদের সঙ্গে থাকা আসাদুজ্জামন মিয়াকে মারধর করা হয়। আজিজুর রহমান বলেন, ‘সাংসদের উপস্থিতিতে আমরা হামলার শিকার হয়েছি। এখন হামলাকারীরা চাকরি ছাড়তে হুমকি দিচ্ছে। এ কারণে আজ স্কুলে যেতে পারিনি।’ নারী শিক্ষক বলেন, ‘সভাপতির অবাধ্য হলে নানা অপবাদ নিয়ে শিক্ষকদের স্কুল ছাড়তে হয়। অনিয়মের প্রতিবাদ করায় আজ আমাকেও অপবাদ দেওয়া হয়েছে।’ সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনাটি জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলাম সভাপতির মুখপানে তাকিয়ে থাকেন। তিনি কিছু বলার আগেই সভাপতি মিজবাহ উদ্দিন বলেন, কেউ লাঞ্ছিত হওয়ার কথা শুনিনি। ফের মনোযোগ আকর্ষণ করা হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, সভাপতি মহোদয় ঠিকই বলেছেন, কারও লাঞ্ছিত হওয়ার ঘটনা জানা নেই। কিছু সময় পর মিজবাহ উদ্দিন প্রতিপক্ষ শিক্ষকদের নাম নিয়ে গালাগাল করতে থাকেন। চলে যাওয়ার পর কয়েকজন শিক্ষক নাম-পরিচয় গোপন রাখার শর্তে মুঠোফোনে তাঁদের অসহায়ত্বের কথা জানান। বলেন, ‘সভাপতির সামনে আমরা সবাই জিরো।’ সার্বিক বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও সারোয়ার আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সাংসদ আফজাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি নিন্দনীয়’। সুরাহার কোনো উদ্যোগ নিচ্ছেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘মিজবাহ উদ্দিন আমার কাছে আসেননি। উদ্যোগ নেব কীভাবে।’