দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের দুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। ওই কলেজের অপর দুই শিক্ষক শনিবার তাঁদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কলেজ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কলেজের সম্মেলনকক্ষে সভা চলাকালীন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গাজী রফিকুল ইসলামসহ দুই শিক্ষক তাঁদের দুই সহকর্মী বাংলা বিভাগের প্রভাষক মনিন্দ্রনাথ বাড়ৈ ও রসময় হালদারকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কলেজের শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।মনিন্দ্রনাথ বাড়ৈ জানান, সম্প্রতি কলেজটি সরকারীকরণ করা হয়। শিক্ষাগত যোগ্যতা না থাকায় অন্য আরও ১০ জন শিক্ষকের সঙ্গে গাজী রফিকুল ইসলাম বাদ পড়েন। ৬ মে উপাধ্যক্ষ আইয়ুব আলী মোল্লা আবসরে যান। গাজী রফিকুল ইসলাম ওই পদে যাওয়ার জন্য তদবির শুরু করেন। কিন্তু যোগ্যতা না থাকায় তিনি ওই পদে যেতে না পেরে সরকারি শিক্ষকদের ওপর ক্ষুব্ধ হন। এ নিয়ে শনিবার বৈঠক চলাকালে রফিকুল ইসলামসহ আরও কয়েকজন তাঁকে (মনিন্দ্র) ও রসময় হালদারকে লাঞ্ছিত করেন।গাজী রফিকুল ইসলাম বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুরে শিক্ষক পরিষদের সভায় বিষয়টি মিটমাট হয়েছে। তবে আপনারা একটু বেশি বেশি শুনেছেন। আমি কাউকে মারধর বা গালাগাল করিনি।’মনিন্দ্রনাথ বাড়ৈ বলেন, ‘আমি কারও সঙ্গে মীমাংসা করিনি। যারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, আমি তাদের বিচার চাই।’