দুই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ
বগুড়ার শেরপুরে ভবানীপুর উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে স্থানীয় যুবলীগ নেতা রামকৃষ্ণ দাস লাঞ্ছিত করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। তাঁরা ওই যুবলীগ নেতার গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় সীমাবাড়ী-রানীরহাট সড়কও অবরোধ করেন।
গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকেরা ওই দুই শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন। তাঁরা প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। গতকাল বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভবানীপুর বাজারে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে রামকৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও বিদ্যালয় কমিটি থেকে সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়।
এদিকে লাঞ্ছনার ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষক আমিরুল ইসলাম গত সোমবার রাতেই শেরপুর থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ওসি খান মো. এরফান বলেন, রামকৃষ্ণ দাস পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।
রামকৃষ্ণ দাস ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্যও। গত সোমবার তাঁর হাতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক লাঞ্ছিত হন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘যুবলীগ নেতার হাতে দুই শিক্ষক লাঞ্ছিত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।