দুই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন করেন।
উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষকেরা ছাড়াও নানা শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
এলাকাবাসী ও মারধরে আহত দুই শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অর্থ বরাদ্দসহ নানা বিষয় নিয়ে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপালি রানী দাস ও সহকারী শিক্ষক মণি রানী তালুকদারের সঙ্গে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সর্বানন্দ তালুকদারের বিরোধ চলছে। গত বৃহস্পতিবার নয়টায় ওই শিক্ষক দুজন বিদ্যালয়ে যান ও যথারীতি শিক্ষার্থীদের পড়ানো শুরু করেন।
সকাল সাড়ে নয়টার দিকে সর্বানন্দ তালুকদারের নেতৃত্বে বিমল, কমল, সন্তোষ, লিটন, রেন্টুসহ ৮ থেকে ১০ জন লোক বিদ্যালয়ে উপস্থিত হন। এ সময় সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। তিনি এতে সম্মত না হলে তাঁকে মারধর করা হয়। এ সময় মণি রানী তালুকদার বাধা দিলে তাঁকেও মারধর করে বের করে দেওয়া হয়। পরে হামলাকারীরা শিক্ষক হাজিরা খাতা ছিনিয়ে নিয়ে যায় ও শিক্ষার্থীদের হাজিরা খাতা ছিঁড়ে ফেলে।
ঘটনার প্রতিবাদে গতকালের মানববন্ধনে শিক্ষকনেতা ও ভাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোফেল আহমেদ বলেন, শিক্ষকদের মারধর করার ঘটনাটি ন্যক্কারজনক। শিক্ষকেরা এখন বিদ্যালয়েও নিরাপদ নন। অবিলম্বে এ সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে এ নিয়ে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
অভিযুক্ত সর্বানন্দ তালকুদার বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি বানোয়াট।
এদিকে, উপজেলা সদরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গতকাল রোববার বেলা সোয়া একটার দিকে সভাপতি সর্বানন্দ তালুকদারের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তাঁর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মণীন্দ্র তালুকদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মণি রানী তালুকদারের বিরুদ্ধে বিদ্যালয়ের উপস্থিতি না থাকাসহ নানা অনিয়মের অভিযোগ তোলেন।
তবে দীপালি রানী দাস ও মণি রানী তালুকদার বলেন, সর্বানন্দ তালুকদারের অন্যায় আবদার না রাখায় তিনি দীর্ঘদিন ধরে তাঁদের ওপর ক্ষিপ্ত ছিলেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এমন জঘন্য কাজ করেছেন। তাঁদের মারধর করার সময় এলাকাছাড়া করারও হুমকি দিয়েছেন তিনি।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী বলেন, এ ঘটনা তদন্ত করার জন্য সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে (এডিপিও) দায়িত্ব দেওয়া হয়েছে।