দুই শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে ছাত্রীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সদর উপজেলায় হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষককে মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করেছে বিদ্যালয়টির ছাত্রীরা। তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতাদের মতামত না নিয়ে স্কুল পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করায় গত সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ও আরেক শিক্ষককে মারধর করেন যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা।
এ ঘটনায় শামসুল আলম ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ দেন।
গতকাল এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিদ্যালয়টির ছাত্রীরা। তারা সকাল ১০টা থেকে ক্লাস বর্জন শুরু করে। ছাত্রীরা বলে, প্রধান শিক্ষককে মারধর করা হলো। অথচ এর কোনো প্রতিকার নেই, কেউ আটক হলো না। অবিলম্বে দোষী ব্যক্তিদের আটক করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা।
এদিকে গতকাল সকালে বিদ্যালয়টি পরিদর্শনে যান জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ইলিয়াস হোসেন। তিনি শিক্ষক, ছাত্রী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন শিক্ষক সোমবারের ওই ঘটনার বর্ণনা দেন।
তবে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের দেওয়া অভিযোগ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের ধরা হবে।