দুই শিক্ষকসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় পাবনার ঈশ্বরদী উপজেলায় দুজন শিক্ষক এবং সিরাজগঞ্জে আরও দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: ঈশ্বরদীর মুলাডুলি মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুর রহিম (৪৭) ও মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল হাসেম (৪২) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের আবদুল গফুর (৩৫) ও শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের আবদুল মান্নান (২০)।পুলিশ জানায়, পাবনা থেকে সৃজনশীল প্রশ্নপত্রের ওপর তিন দিনের প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষণ শেষে গতকাল বুধবার শিক্ষকেরা সিএনজিচালিত অটোরিকশায় ঈশ্বরদীতে বাড়ি ফিরছিলেন। পথে দাশুড়িয়া তেঁতুলতলা নামক স্থানে অপর দিক থেকে আসা পাবনা অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই দুই শিক্ষক আবদুর রহিম ও আবুল হাসেম ঘটনাস্থলে প্রাণ হারান। এ ছাড়া অটোরিকশায় থাকা মুলাডুলি মাদ্রাসার শিক্ষিক রক্তিমা খাতুন (৪৫) ও সাবিনা ইয়াসমিন (৩৫) গুরুতর আহত হন। এদিকে গতকাল বুধবার দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী তেলবাহী একটি ট্যাংক লরি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী আবদুল গফুর নিহত এবং অপর চারজন আহত হন। সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় চলন্ত বাসের ধাক্কায় আবদুল মান্নান নামের একজন নছিমনযাত্রী নিহত ও পাঁচজন আহত হন। পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি নছিমনকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।