দুই শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে মাধ্যমিক ্কুলের সরকারি বিনা মূল্যের পাঠ্যবই কালোবাজারে বিক্রির অভিযোগে দুই শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় ক্ষুদ্র পুরোনো কাগজ ব্যবসায়ী আবদুল হাইকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার রংপুর জেলহাজতে পাঠিয়েছে।গত বৃহস্পতিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক ওই মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে উপজেলার চম্পাতলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, শাহনেওয়াজ আলী, পিয়ন অরবিন্দ রায় ও বইক্রেতা আবদুল হাইকে।পুলিশ জানায়, চম্পাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদার রহমান অতিরিক্ত ছাত্র দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে চলতি সালের নতুন পাঠ্যবই তুলে তা বিতরণ করার পর বাকি বই মজুদ করে রাখেন। এভাবে মজুদ করে রাখা কয়েক বছরের পাঠ্যবই গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে ওই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১১ টাকা দরে প্রায় এক হাজার কপি (সাত মণ) বিক্রি করা হয়।বইগুলো কেনার পর বস্তায় ভরে রিকশাভ্যানে করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন যুবক তা আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে পুলিশ ওই সব বই জব্দ ও ক্রেতা আবদুল হাইকে গ্রেপ্তার করে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক বলেন, ‘সরকারি পাঠ্যবই কালোবাজারে বিক্রির অভিযোগে দুই শিক্ষকসহ চারজনকে আসামি করে মামলা দিয়েছি। প্রধান শিক্ষক জড়িত থাকলে পুলিশ তদন্ত করে তাঁর নামও পরে মামলায় অন্তর্ভুক্ত করবে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদার রহমান বলেন, ‘আমি বই বিক্রির সঙ্গে জড়িত নই। ওই দুজন সহকারী শিক্ষক বিদ্যালয়ে মজুদ থাকা পাঠ্যবই আমার অজান্তে বিক্রি করে দিয়েছেন।’কিন্তু অভিযুক্ত সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও শাহনেওয়াজ আলী সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে বই রাখার জায়গা না থাকায় প্রধান শিক্ষকের নির্দেশে তাঁরা তা বিক্রি করে দেন।