দুই শিক্ষকে জোড়াতালির পাঠদান
- সাতকানিয়ার ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ ছয়টি
- পাঠদান করছেন মাত্র দুজন শিক্ষক
বিদ্যালয়টিতে শিক্ষক আছেন মাত্র দুজন। এর মধ্যে একজনকে প্রায়ই দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। তখন পাঠদানে অন্য শিক্ষককে হিমশিম খেতে হয়। আর কোনো কারণে ওই শিক্ষকও ছুটিতে থাকলে তখন পুরো বিদ্যালয়ের পাঠদানই একরকম বন্ধ হয়ে যায়।
এই বেহাল দশা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষকসংকটের কারণে বিদ্যালয়টিতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলতে পারছে না। এতে দিন দিন বিদ্যালয়টিতে কমছে শিক্ষার্থীর সংখ্যা।
বিদ্যালয় সূত্র জানায়, ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষকের পদ রয়েছে। বিপরীতে বিদ্যালয়টিতে বর্তমানে আছেন প্রেষণে বদলি হওয়া দুজন শিক্ষক। এর মধ্যে একজন যোগদান করেছেন ২৩ জানুয়ারি। এর আগে ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ের একজন রিয়াজ উদ্দিন আহমদ দেড় বছরের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রশিক্ষণে যান। তখন থেকে ২২ দিন বিদ্যালয়টিতে শিক্ষকের সংখ্যা ছিল মাত্র একজন। ওই সময়ে বিদ্যালয়টিতে শ্রেণি কার্যক্রম বলতে গেলে বন্ধই ছিল। এতে ক্ষিপ্ত হয়ে ১৮ জানুয়ারি স্থানীয় লোকজন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতির বাড়ি ঘেরাও করেছিলেন।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে আবদুল আউয়াল নামের মাত্র একজন শিক্ষকই আছেন। মনির আহমদ নামের অপর শিক্ষক ছুটিতে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আউয়াল শিক্ষক কক্ষে বসে বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দাপ্তরিক কাগজপত্র ঘাঁটছেন। এ সময় বিদ্যালয়টির পাঁচটি শ্রেণি কক্ষই শিক্ষার্থীশূন্য ছিল। পাঠদান বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠে খেলছিল। আর কিছু শিক্ষার্থীকে দেখা গেল বিদ্যালয়ের বারান্দায় হইচই করছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর ধরে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদটি শূন্য। তা ছাড়া সাত বছর ধরে সহকারী শিক্ষকের চারটি পদও খালি। প্রেষণে বদলি হওয়া দুজন শিক্ষক কোনো রকমে জোড়াতালি দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগে বিদ্যালয়ে তিন শয়ের কাছাকাছি শিক্ষার্থী ছিল। এখন শিক্ষার্থীর সংখ্যা দুই শয়ের কাছাকাছি।
বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির দুজন শিক্ষার্থী প্রথম আলোকে বলে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না। কোনো দিন একটি, আবার কোনো দিন দুই-তিনটি ক্লাস হয়।
অভিভাবক মো. জসিম উদ্দিন ও মনছুর আলী প্রথম আলোকে বলেন, ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে পাঠালেও ঘণ্টাদুয়েক পরে তারা ঘরে ফিরে আসে। কারণ হিসেবে ওই ছেলেমেয়েরা অভিভাবকদের স্যার না থাকায় ক্লাস হচ্ছে না বলে জানায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আউয়াল শিক্ষক না থাকায় বিদ্যালয়ে শিক্ষার মান নেমে যাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী আছে। প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় তাঁকে প্রায় সময় অফিসের কাজে উপজেলা সদরে যেতে হয়। এ কারণে কোনো অবস্থাতেই বিদ্যালয়ে নিয়মিত শ্রেণি কার্যক্রম রক্ষা করা সম্ভব নয়।
এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিয়মিত ক্লাস না হওয়ায় গত ১৮ জানুয়ারি এলাকার লোকজন ও অভিভাবকেরা তাঁর বাড়ি ঘেরাও করেন। বিষয়টি তাৎক্ষণিক তিনি স্থানীয় সাংসদ, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন। এরপরও এখনো বিদ্যালয়ে কোনো শিক্ষককে পদায়ন করা হয়নি।
সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকটের বিষয়টি বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই বিদ্যালয়ে সম্প্রতি প্রেষণে দুজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও একজন শিক্ষককে প্রেষণে পাঠানো হবে।