সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জামায়াত-বিএনপিপন্থী দুই শিক্ষকের অপসারণের দাবিতে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা ওই দুই শিক্ষকের অপসারণের দাবিতে ক্যাম্পাসে আলাদাভাবে মিছিল ও সমাবেশ করেন।জানা গেছে, গতকাল বিকেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জামায়াতপন্থী এক শিক্ষক ও গণিত বিভাগের বিএনপিপন্থী এক শিক্ষকের অপসারণের দাবিতে মিছিল বের করেন। একই দাবিতে পরে তাঁরা সমাবেশ করেন। তাঁদের অভিযোগ, ‘বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মো. ফয়জুল হককে বিএনপি-জামায়াত জোট সরকার সম্পূর্ণ অবৈধ উপায়ে নিয়োগ দিয়েছে। এ ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। অপরদিকে গণিত বিভাগের বিএনপিপন্থী শিক্ষক মো. সাজেদুল করিম বিভাগের অর্থ আত্মসাৎ করেছেন।’ এ ব্যাপারে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ওই দুই শিক্ষকের মন্তব্য পাওয়া যায়নি। তদন্ত কমিটি গঠন: বাংলা বিভাগের জামায়াতপন্থী শিক্ষক মো. ফয়জুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় নকলের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন কি না ও তাঁর নিয়োগ অবৈধ কি না, তা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্স অনুষদের ডিন মীর মাহবুবুল আলম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ওছুল আহমদ চৌধুরী, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সুশান্ত কুমার বসু ।