দুই শিক্ষকের একজনকে বদলির সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন শিক্ষকের জায়গায় আছেন দুজন৷ এর মধ্যে একজন অনিয়মিত৷ আবার ওই অনিয়মিত শিক্ষকই বদলি হয়ে যাচ্ছেন৷ এই অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ১৯৫ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে বিপাকে পড়েছেন৷ এ দুরবস্থা সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার দিগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের৷
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দিগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি পাঁচ বছর ধরে শূন্য। বর্তমানে এখানে দুজন শিক্ষক কর্মরত আছেন৷ এঁরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক মালবিকা সরকার৷ ২০১২ সালের ৫ অক্টোবর সহকারী শিক্ষক মালবিকা সরকার এখানে যোগ দেন। কিছুদিন পরই তিনি মাতৃত্বজনিত ছুটিতে যান। গত বছরের ১৫ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত তিনি অসুস্থতাজনিত ছুটি ভোগ করেন। গত বছরের ১৯ জুলাই থেকে চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত বিনা অনুমতিতে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সপ্তাহ খানেক ধরে তিনি বিদ্যালয়ে আসছেন।
কয়েকজন অভিভাবক বলেন, ২০০৯ সালে প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ার পর দিলীপ চন্দ্র ও অপর এক সহকারী শিক্ষক পাঠদান করতেন৷ ২০১২ সালের অক্টোবরে মালবিকা এখানে যোগ দিয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন৷ ওই সময় দিলীপ চন্দ্রকে এক সঙ্গে দু-তিনটি শ্রেণীতে পাঠদান করতে হয়েছে৷
সহকারী শিক্ষক মালবিকা সরকার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, বাড়ি থেকে বিদ্যালয় অনেক দূরে। সেখানকার পরিবেশও ভালো নয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র সরকার বলেন, সহকারী শিক্ষক মালবিকা সরকার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় এত দিন তিনি একাই পাঠদান করেছেন৷ তবে দাপ্তরিক কাজে উপজেলা শহরে গেলে মাসে কমপক্ষে তিন বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে৷ মালবিকা কিছুদিন আগে এলেও নিয়মিত পাঠদান করেন না৷ তিনি (মালবিকা) এখান থেকে বদলি হওয়ার জন্যও চেষ্টা চালাচ্ছেন৷ তাঁর জায়গায় শিক্ষক না দিলে পাঠদান ব্যাহত হবে৷ বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদ আলী বলেন, ‘ওই শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর বেতন বন্ধ রয়েছে। ওই শিক্ষক আবেদন করায় মানবিক কারণে একজন শিক্ষককে প্রতিস্থাপন করা সাপেক্ষে তাঁকে বদলির সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, একজন শিক্ষককে ওই বিদ্যালয়ে না দিয়ে কোনো অবস্থাতেই সেখান থেকে কোনো শিক্ষককে বদলি করা হবে না৷