দুই শিক্ষকের ওপর হামলা, হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার গাজীরপার মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে না পেরে দুই শিক্ষককে মারধর করা হয়েছে। পরিচালনা কমিটির সাবেক সভাপতি খলিল রাঢ়ী তাঁদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা করার পর আসামিরা জামিন নিয়ে এসে এই শিক্ষকদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মো. দুলাল রাঢ়ী অভিযোগ করেন, ২০১০ সালে স্থানীয় সাংসদের অনানুষ্ঠানিকপত্র (ডিও) নিয়ে ব্যবস্থাপনা পর্ষদের আহ্বায়ক কমিটির সভাপতি হন খলিল রাঢ়ী। এর পর থেকে তিনি শিক্ষকদের বেতন-ভাতার কাগজে সই করার জন্য অর্থ আদায় করতে থাকেন। এ বিষয়ে ওই সময় তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বরিশাল শিক্ষা বোর্ডে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রধান শিক্ষক আনিসুর রহমান খান অভিযোগ করেন, গত ৬ মে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সদস্য পদে খলিল মাত্র তিনটি ভোট পান। নির্বাচিত হতে না পেরে ১৩ মে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভার দিন তিনি (খলিল) ও তাঁর লোকজন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাতকে মারধর করেন। একইভাবে তিনি ১৭ আগস্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষক নাসিরউদ্দিনকে মারধর করেন।
এ ঘটনায় ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খলিলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু মামলার আসামিরা জামিন নিয়ে এসে এই দুই শিক্ষককে হুমকি দিচ্ছেন।
খলিল রাঢ়ী দাবি করেন, তিনি বা তাঁর লোকজন নাসিরউদ্দিনকে মারধর করেননি। এ ছাড়া তাঁরা কাউকে হত্যার হুমকিও দেননি। তিনি বেতন-ভাতার কাগজে সই দেওয়ার জন্য শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ওই বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের ঘটনায় প্রধান শিক্ষক মামলা করেছেন। মামলার আসামিরা জামিন নিয়ে এসে শিক্ষকদের হুমকি দিচ্ছেন কি না, তা তিনি জানেন না।