দুই শিক্ষকের বাসায় হামলা, প্রতিবাদে ক্লাস বর্জন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় গতকাল বুধবার হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এতে এক শিক্ষকের শ্বশুর আহত হয়েছেন। ওই হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের নিরাপত্তার দাবিতে আজ বৃহস্পতিবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।

এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সিমিতি। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ওই সভা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্তত তিনজন শিক্ষক বলেন, কুমিল্লার কোটবাড়ি এলাকার শালবন বৌদ্ধবিহারের পূর্ব-দক্ষিণে নাজির ভিলায় দ্বিতীয় তলায় পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত কোষাধ্যক্ষ এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক হোসেন এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশিখা আক্তার। গতকাল ভোর চারটার দিকে হঠাৎ আশিখা আক্তারের শ্বশুর সিদ্দিকুর রহমান (৬৯) মানুষের গলার আওয়াজ শুনে বাসার দরজা খোলেন। এ সময় পাঁচ দুষ্কৃতকারী ওই বাসায় ঢুকে তাঁকে চাপাতি দিয়ে আঘাত করে। একপর্যায়ে তাঁর চিত্কার শুনে আশিখার স্বামী এমরান হোসেন ও তিনি কক্ষ থেকে বের হন।

ওই সময় আশিখার স্বামীকে দুষ্কৃতকারীরা বেঁধে ফেলে। তখন আশিখা চিত্কার দিলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর দুষ্কৃতকারীরা নিচে রাস্তায় থাকা দুটি পিকআপ ভ্যানে করে চলে যায়। পরে পাশের ফ্ল্যাটের দরজা খোলা দেখে আশিখার পরিবারের লোকজন দেখেন, তারিক হোসেনকে দুর্বৃত্তরা বেঁধে রেখেছে।

এ প্রসঙ্গে আশিখা আক্তার বলেন, ‘আমার শ্বশুর পাশের ফ্ল্যাটে মানুষের শব্দ শুনে দরজা খোলেন। তখনই তাঁর ওপর হামলা হয়। পুরো হামলায় অন্তত ১৫ জন অংশ নেয়। ’

তারিক হোসেন বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। কেন আমার বাসায় হামলা হলো, তা বুঝতে পারছি না।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী দাবি করেন, গত ১৫ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের নীল দল সমিতির ১৭টি পদের সব কটিতেই জয়ী হয়। নির্বাচনের ফল পক্ষে না যাওয়ায় একটি মহল গত কয়েক দিনে একে একে নানা ধরনের ঘটনা ঘটায়।

এ বিষয়ে উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘শিক্ষকদের বাসায় হামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। থানার ওসিকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি আমি ফলোআপ করব।’