ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হায়াৎ মামুদ ও ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন প্রভাষক এনামুর রশিদের অপসারণের দাবিতে গতকাল বুধবার ওই কলেজের ছাত্রীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
আপত্তিকর মন্তব্য, প্রাইভেট পড়তে ও সাজেশন নিতে বাধ্য করা এবং আবাসিক হলে ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার অভিযোগে তাঁদের অপসারণের দাবিতে ছাত্রীরা এসব কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রীরা শহরের হালদারপাড়া ছাত্রীনিবাস এলাকা থেকে মিছিল শুরু করে মহিলা কলেজের সামনে এসে সমাবেশ করেন। এর আগে গত শনিবার তাঁরা একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন।
সামবেশে বাংলাদেশ মানবাধিকার সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলি চৌধুরী ছাত্রীদের সঙ্গে যোগ দেন। তিনি বলেন, ছাত্রীদের সঙ্গে শিক্ষকের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, হায়াৎ মামুদ তাঁর কাছে প্রাইভেট না পড়ার কারণে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় কম নম্বর ও ফেল করিয়ে দেওয়ারও অভিযোগ করা হয়। একই অভিযোগ করা হয় প্রভাষক এনামুর রশিদের বিরুদ্ধেও।
হায়াৎ মামুদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি ষড়যন্ত্রের শিকার।’ ছাত্রীরা কেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈর্ষান্বিত হয়ে কেউ হয়তো আমার বিরুদ্ধে উসকানি দিয়ে ছাত্রীদের আন্দোলনে নামিয়েছে।’
অধ্যক্ষ প্রফুল্ল চন্দ্র দেবনাথ বলেন, ‘মেয়েদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত এনামুর রশিদকে অপসারণ করা হয়েছে।’