দুই শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি ও দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলী দুজন শিক্ষকের বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা করেছেন। মামলার দুই আসামি হলেন উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম শরফুল ইসলাম ও বেলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী।মামলা সূত্রে জানা যায়, কে এম শরফুল ইসলাম ও রোস্তম আলী ২৯ জুলাই প্রকাশিত জাতীয় ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় একই উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের ঘটনার প্রকাশিত সংবাদের ফটোকপি বিলি করেন। জুলফিকার আলী ওই তারিখের পত্রিকা সংগ্রহ করে দেখেন, ওই সংবাদ পত্রিকায় নেই। তিনি এ ঘটনায় ওই দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি করেন এবং ৮ আগস্ট বগুড়ার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও মানহানির মামলা করেন। আদালত ওই দুই শিক্ষকের বিরুদ্ধে সমন জারি ও ৭ সেপ্টেম্বরের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল জব্বার বলেন, ‘আমি মামলার কথা শুনেছি। নিজেদের মধ্যে দলাদলির কারণে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে মামলা করা নিয়ে উঠেপড়ে লেগেছে। এ ধরনের মামলা চললে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’