দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানোর অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় আসামি করা হয়েছে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে সদ্য ওএসডি হওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম ও রাজশাহী নগরের শাহ্ মখদুম কলেজের একই বিভাগের শিক্ষক মাসুদুল হাসানকে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও নির্দেশনায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে মামলাটি করা হয়েছে। নগরের বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার নম্বর ৭১।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের ১০০ খানা উত্তরপত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে গত সোমবার বিকেলে উদ্ধার করা হয়। এই উত্তরপত্রগুলোর পরীক্ষক ছিলেন শিক্ষক আবুল কালাম। তাঁকে শিক্ষা বোর্ডে তলব করা হলে তিনি স্বীকার করেন উত্তরপত্রগুলো শাহ্‌ মখদুম কলেজের শিক্ষক মাসুদুল হাসানকে দিয়েছিলেন। মাসুদুলের কাছ থেকে উত্তরপত্রগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থীকে দেওয়া হয়। ওই শিক্ষার্থী উত্তরপত্রগুলো তাঁর এক বান্ধবীকে দেখতে দেন। সেখান থেকেই সেগুলো উদ্ধার করা হয়।

ঘটনার পরের দিন শিক্ষক আবুল কালামকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়।