দুই শিক্ষকের বিরুদ্ধে সিন্ডিকেটের রায় পক্ষপাতমূলক ও অস্বচ্ছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা দুই শিক্ষকের বিরুদ্ধে সিন্ডিকেটের রায়কে পক্ষপাতমূলক ও অস্বচ্ছ বলে দাবি করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অবিলম্বে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও নিপীড়নবিরোধী সেলের পুনর্গঠনসহ তিন দফা দাবিও জানিয়েছেন তাঁরা। গতকাল ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান।গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে বেলা ১২টায় ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তাঁরা গত ১৭ জুলাই জরুরি সিন্ডিকেটে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেন ও একই ধরনের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে অসচ্ছ ও পক্ষপাতমূলক বলে দাবি করেন। তাঁরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে বিষয়টি নিয়মিত সিন্ডিকেটে না নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে। এ ছাড়া সিন্ডিকেটে তদন্ত প্রতিবেদনটির সামান্য কিছু অংশ পাঠ করে এর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জরুরি সিন্ডিকেটের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত হওয়ার পর তা প্রশাসনিকভাবে লিপিবদ্ধ করে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আজ (সোমবার) পর্যন্ত তা করা হয়নি বলে তারা অভিযোগ করেন। তাঁরা বলেন, সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে দুই বছরের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুযায়ী কোনো শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে অপসারণ করার নিয়ম রয়েছে। কিন্তু প্রশাসন তাঁকে পদাবনতি দিয়েছে। এ ছাড়া দুই বছরের ছুটি থাকাকালীন নিয়মিত বেতন পাওয়ায় বিষয়টি তাঁর জন্য এক ধরনের উপহার বলে তাঁরা মন্তব্য করেন। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অপর এক সহযোগী অধ্যাপকের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তদন্ত-প্রক্রিয়া সম্পর্কে তাঁরা অভিযোগ করে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত-প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সংবাদ সম্মেলনে শিক্ষকেরা অবিলম্বে তদন্ত প্রতিবেদন প্রকাশ, নিপীড়নবিরোধী সেলের পুনর্গঠন এবং যৌন নিপীড়নের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপকের বিষয়টি অবিলম্বে সিন্ডিকেটের মাধ্যমে বিচারের দাবি জানান। এ ছাড়া আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি আদায় না হলে ওই দিন বেলা ১১টায় শিক্ষক-শিক্ষার্থীদের সংহতি সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তাঁরা জানান। সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক নাসিম আক্তার হোসাইন, অধ্যাপক সৌদা আক্তার, শিক্ষক সাইদ ফেরদোস প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার না করে সবেতন ছুটি দেওয়ার বিষয়টি পক্ষপাতমূলকভাবেই করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় আইন ও চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিষয়টি বিবেচনার জন্য হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্তের কোনো যুক্তিকতা নেই বলে তিনি দাবি করেন। সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আকতার হোসাইন বলেন, জরুরি সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসন পক্ষপাতমূলক ও অস্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তদন্ত কমিটিও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ না করে অভিযোগকারীকে নানাভাবে হয়রানি করেছে বলে তিনি দাবি করেন।