রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি মামুনুর রশীদ এবং একই বিভাগের অপর শিক্ষক আবদুল গফুরের মধ্যে গতকাল বুধবার হাতাহাতি হয়েছে।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। ফার্মেসি বিভাগ সূত্র জানায়, গত মাসে বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক আবদুল গফুরের বিরুদ্ধে পরীক্ষায় কম নম্বর দেওয়াসহ বিভিন্ন বিষয়ে বিভাগের সভাপতি মামুনুর রশীদের কাছে লিখিত অভিযোগ দেন। পরে বিভাগীয় সভাপতি একাডেমিক সভা আহ্বান করেন। ওই সভায় শিক্ষার্থীদের অভিযোগ প্রমাণ হওয়ায় আবদুল গফুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গতকাল দুপুর ১২টার দিকে গফুর সভাপতির কাছে অভিযোগের ফটোকপি নিতে যান। প্রথমে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে সভাপতি মামুনুর রশীদ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিভাগের শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন।এ প্রসঙ্গে শিক্ষক আবদুল গফুর জানান, তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের দায়ের করা অভিযোগের কপি নিতে গেলে মামুনুর রশীদ তাঁকে গালাগালা করেন। একপর্যায়ে মামুনুর রশীদ উত্তেজিত হয়ে তাঁকে মারতে তেড়ে এলে তিনি তা প্রতিরোধ করেন।এ ব্যাপারে মামুনুর রশীদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ছেলে বলেন, ‘বাবা অনেক অসুস্থ। তিনি এখন কথা বলতে পারবেন না।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।