দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুজন শিক্ষকের হদিস ও অবস্থা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দুই শিক্ষক হচ্ছেন: অধ্যাপক এ জেড এম আনিসুর রহমান ও সহযোগী অধ্যাপক নুরুল হক। বিভাগের চেয়ারম্যান বেগম খালেদা খানম প্রথম আলোকে বলেন, শিক্ষক দুজন দীর্ঘদিন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ‘ছুটিতে’ ছিলেন। কর্তৃপক্ষ বারবার তাগাদা দেওয়ার পর কিছুদিনের জন্য কাজে যোগ দেন। তাঁদের কোনো ছুটি পাওনা নেই। তবু সম্প্রতি ছুটি চেয়ে আবেদন করলে কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। এদিকে তদন্ত কমিটি গঠনের পর অধ্যাপক এ জেড এম আনিসুর রহমান গত শনিবার আকস্মিকভাবে কর্মস্থলে এসে হাজির হন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষক দুজন কোথায় কী অবস্থায় আছেন এবং তাঁদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নির্ণয় করতে সহ-উপাচার্যকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয় বলে রেজিস্ট্রার জানান।প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, এ জেড এম আনিসুর রহমান প্রথমে চার বছরের শিক্ষাছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে যান। ২০০৭ সালে সে ছুটি শেষ হওয়ার পর তিনি আবার ২০১০ সাল পর্যন্ত ছুটির জন্য আবেদন করেন। কর্তৃপক্ষ তখন পড়াশোনায় অগ্রগতির বিষয়ে তাঁর তত্ত্বাবধায়কের প্রতিবেদনের ভিত্তিতে এক বছর করে ছুটি বাড়ানোর অনুমতি দেয়।কিন্তু আনিসুর রহমান পরবর্তী সময়ে এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন জমা না দিয়েই ছুটি কাটাতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতে তাঁকে কাজে যোগ দিতে বলা হয়। অন্যথায় চাকরিচ্যুত করা হবে বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়।আনিসুর রহমান তখন নতুন ভিসা পাচ্ছেন না জানিয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। তখন তাঁকে আবারও সময় দেওয়া হয়। অবশেষে কয়েক বছর অনুমতি ছাড়া ছুটি কাটানোর পর এ বছরের ২৫ মে তিনি কাজে যোগ দেন। অনুমতি ছাড়া কাটানো ছুটি ভবিষ্যতে তাঁর অর্জিত ছুটি থেকে কাটা হবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়।কিছুদিন বিভাগীয় কাজে অংশগ্রহণের পর গত ১৩ জুলাই আনিসুর রহমান আবার ২৭ জুলাই পর্যন্ত ছুটির জন্য আবেদন করেন। উপাচার্য ওই আবেদন মঞ্জুর না করে তিনি ইতিমধ্যে যে কয়েক বছর ছুটি কাটিয়েছেন সে সময়ে কী করেছেন, তা কর্তৃপক্ষকে জানাতে বলেন। কিন্তু আনিসুর রহমান এ বিষয়ে কিছু না জানিয়েই বিভাগে আসা বন্ধ করে দেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ‘কিছু জানেন না’ বলে জানান। এর পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পরপরই আনিসুর রহমানকে বিভাগে দেখা যায়। গত শনিবার তিনি বিভাগে উপস্থিত ছিলেন। প্রথম আলো এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান ক্ষোভমিশ্রিত বিস্ময়ের সঙ্গে বলেন, ‘আপনারা জানেন কীভাবে? এগুলো জানার কথা না। বিশ্ববিদ্যালয়ের গোপনীয় বিষয় এটি।’ আনিসুর রহমান এ প্রতিবেদককে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি তদন্ত কমিটি গঠন এবং ছুটির বিষয়ে এ প্রতিবেদকের সঙ্গে কিছু কথা বলেন। তবে তাঁকে উদ্ধৃত করে সেগুলো উল্লেখ না করতে বলেন। এদিকে নুরুল হকও পিএইচডি করতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। চার বছর পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে তিনি চাকরির সুযোগ পান। এক বছর ছুটি নিয়ে ওই চাকরি করার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। কিন্তু সিন্ডিকেট ছুটি অনুমোদন না করায় গত জুন মাসে কাজে যোগ দেন নুরুল হক। এরপর আবারও আগস্ট মাস পর্যন্ত ছুটি চেয়ে আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই তিনি বিভাগীয় কাজে আসা বন্ধ করে দেন। প্রথম আলোর পক্ষে নুরুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই এ দুই শিক্ষক দীর্ঘদিন ছুটি ভোগ করেছেন। এখন কর্তৃপক্ষকে না জানিয়েই বিভাগীয় কাজ করছেন না। তাদের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।