দুই শিক্ষকের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় অপহূত দুই শিক্ষক কামাল হোসেন ও আবু বক্কর সিদ্দিকের সন্ধান গতকাল মঙ্গলবারও মেলেনি। আগের দিন ভোরে উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে তাঁদের অস্ত্রের মুখে ও হাতকড়া পরিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
এদিকে এ উপজেলায় গত দুই মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করা হয়েছে ছয়জনকে। এ ছাড়া, এ সময়ের মধ্যে ঢাকা থেকে ভালুকা আসার পথে একই সঙ্গে তিনজন এবং ময়মনসিংহ শহর থেকে একজন ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করা হয়। এভাবে পরপর অপহরণ বিশেষত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে রাতের আঁধারে নিরপরাধ ব্যক্তিদের তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলায় চরম আতঙ্ক বিরাজ করছে। অপহূতদের স্বজনেরা জানান, অপহূত ব্যক্তিদের কেউই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন; কারও সঙ্গে তাঁদের শত্রুতাও নেই।
ওদিকে গত ৫ মার্চ থেকে এ পর্যন্ত উপজেলায় যত অপহরণের ঘটনা ঘটেছে, সেসবের রহস্য উদ্ঘাটন করা তো দূরের কথা, কোনোটিরই কিনারা করতে পারেনি পুলিশ।
পুলিশ ও পরিবারগুলোর তথ্য অনুযায়ী, ৫ মার্চ ভোররাতে উপজেলার ভায়াবহ পূর্বপাড়া গ্রামের মো. আসাদউল্লার তিন ছেলে—আবু হানিফ, নাজমুল ইসলাম ও ছানোয়ার হোসেনকে র‌্যাব পরিচয়ে চোখে কালো কাপড় বেঁধে দুটি মাইক্রোবাসে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ৬ মার্চ ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কিছু করতে পারেনি। অপহরণের প্রায় ৭০ ঘণ্টা পর তিন সহোদরকে রাতের অন্ধকারে বাড়ি থেকে আট কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ী মোড়ে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা।
ওই তিন সহোদর বলেন, অপহরণকারীরা তিন দিনেও তাঁদের চোখের বাঁধন খোলেনি। শুধু প্রাকৃতিক কাজের সময় বাথরুমের ভেতর ঢুকিয়ে বাঁধন খুলে দিত। সহোদরদের মধ্যে হানিফ গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। নাজমুল ভালুকা ডিগ্রি কলেজ ও ছানোয়ার ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
২০ এপ্রিল ভোররাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাত-আটজন বন্দুকধারী পানিভান্ডা গ্রামের কলিমউল্যাহর ছেলে ইউসুফ আলীকে মাইক্রোবাসে করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনাটিতে ওই দিন দুপুরে ভালুকা মডেল থানায় জিডি করা হয়। গত নয় দিনেও ইউসুফের সন্ধান পাওয়া যায়নি।
একই দিন রাতে পার্শ্ববর্তী পাঁচগাঁও গ্রামের বছির, মোর্শেদ ও সোহেল ঢাকা থেকে ভালুকা আসার পথে অপহূত হন। এখনো তাঁদের সন্ধান মেলেনি। বছিরের পরিবার জানায়, ভালুকা ও ঢাকার বিভিন্ন থানায় যোগাযোগ করে তাঁরা কোনো সহযোগিতা পাননি।
২১ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় এলাকা থেকে ইসলামী ব্যাংক, ময়মনসিংহ শাখার কর্মকর্তা মো. ইলিয়াস উদ্দিনকে সাত-আটজন জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাঁর বাড়িও ভালুকার নামা মরচি গ্রামে। অপহরণের সময় তাঁর সঙ্গে থাকা সহকর্মী হায়দার আলী পালিয়ে রক্ষা পান। গতকাল পর্যন্ত ইলিয়াসের কোনো সন্ধান না মেলায় তাঁর বৃদ্ধ বাবা-মা ও অন্তঃসত্ত্বা স্ত্রী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অপহরণের ঘটনায় হায়দার আলী বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
সর্বশেষ গত সোমবার ভোররাতে পাঁচগাঁও গ্রাম থেকে কোচিং সেন্টারের শিক্ষক কামাল হোসেন ও আবু বক্করকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, অপহরণের পর ভালুকা মডেল থানায় পৃথক জিডি করা হয়েছে।
ভালুকা পৌর এলাকা ও কয়েকটি গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পরপর অপহরণের এসব ঘটনায় তাঁরা এখন রাতে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও পরিবারের কোনো সদস্য দীর্ঘ সময় বাইরে থাকলে তাঁরা আতঙ্কে থাকেন।
ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘একের পর এক অপহরণে উপজেলাবাসী চরম আতঙ্কিত। প্রতিটি ইউনিয়নের মানুষকে সতর্ক থাকার পাশাপাশি গভীর রাতে কোনো অপরিচিত মাইক্রোবাস দেখলে সম্মিলিতভাবে তার আরোহীদের প্রতিহত করার কথা বলা হয়েছে।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিজেদের অপারগতার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কোনো অপহরণের ঘটনার রহস্য ভেদ করা সম্ভব হয়নি। সোমবার রাত থেকে বাড়তি নিরাপত্তা হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায় একটি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক মাইক্রোবাস দেখামাত্র তল্লাশি চালানো হবে।