দুই শিক্ষকের সাক্ষাৎকার নিয়েছে শৃঙ্খলা উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রীকে নম্বর বাড়িয়ে প্রথম শ্রেণী দেওয়ার অভিযোগ ওঠায় ওই বিভাগের দুই শিক্ষকের সাক্ষাৎকার নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটি। ওই দুই শিক্ষক হলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন ও আহমদ কবির। গতকাল রোববার পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়।সূত্র জানায়, দুই শিক্ষকের সাক্ষাৎকারের সময় উপকমিটির আহ্বায়ক ও প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান, সদস্যসচিব ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী এবং সদস্য আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।সাক্ষাৎকারে দুই শিক্ষক কী বলেছেন, জানতে চাইলে প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তাঁরা দাবি করেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে দ্রুত ফলাফল দিতে গিয়ে তাঁরা দুজন একসঙ্গে কাজ করেছেন। ফলাফল প্রস্তুত করার পর বহিঃপরীক্ষক ফলাফল দেখতে আসেননি। তখন তাঁরাই ফলাফল পুনর্নিরীক্ষা করেন। এ সময় প্রথম হওয়া ছাত্রীর ক্ষেত্রে ভুল ধরা পড়ে। এ কারণে ফলাফল আবার ঠিক করা হয়।কেবল প্রথম শ্রেণী পেতে অতিরিক্ত নম্বর প্রয়োজন থাকা শিক্ষার্থীর ক্ষেত্রে ভুল ধরা পড়া প্রসঙ্গে ওই দুই শিক্ষক কী বলেছেন, জানতে চাইলে প্রক্টর কোনো মন্তব্য করেননি। তিনি জানান, তাঁদের লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। উপাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।বাংলা বিভাগের পরীক্ষা পর্যালোচনা কমিটি নম্বর বাড়ানোর এই অভিযোগ করে। অভিযোগটি তদন্ত করছে শৃঙ্খলা উপকমিটি। উপকমিটি এ বিষয়ে গত শনিবার বাংলা বিভাগের চেয়ারম্যানের সাক্ষাৎকার নেয়।