দুই শিক্ষকের হাতাহাতি বিদ্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনায় গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ক্লাস করতে এসে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেখে ফিরে গেছে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সোমবার বেলা দুইটার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস ও সহকারী প্রধান শিক্ষক আবদুল আহাদের মধ্যে হাতাহাতি হয়। এতে তাঁরা সামান্য আহত হয়েছেন। এ দুজনই এখন হাসপাতালে চিকিৎসাধীন। একাধিক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের সামনেই দুই শিক্ষক হাতাহাতিতে লিপ্ত হন। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি দিলেও বন্ধ রাখার কথা জানায়নি। তাই গতকাল বিদ্যালয়ে এসে ফটক তালাবদ্ধ দেখে শিক্ষার্থীরা ফিরে যায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তাজুল ইসলাম জানান, আর্থিক বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ওই দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি হয়। পরিচালনা কমিটির সভাপতি উমেশ মজুমদার বলেন, ‘কোনো শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিচ্ছেন না। তাই জরুরি সভা ডেকে মঙ্গলবার থেকে বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’