দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে হচ্ছে আ.লীগের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিকে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। মাঝে একটি পুকুর। পুকুরের একটি অংশ ভরাট করে নির্মাণ করা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়। প্রতিষ্ঠান দুটির প্রধানেরা বলছেন, এখানে রাজনৈতিক দলের কার্যালয় হলে শিক্ষার পরিবেশ ব্যাহত হবে। ঘটনাটি ঘটছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে। ৮ মে সরেজমিনে দেখা গেছে, একপাশে চরভদ্রাসন পাইলট উচ্চবিদ্যালয় এবং অপর পাশে চরভদ্রাসন সরকারি কলেজ। মাঝে বিদ্যালয়ের মাঠসংলগ্ন পুকুরের একটি অংশ ভরাট করে নির্মাণ করা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। ইতিমধ্যে প্রথম তলার ছাদের ঢালাই শেষ হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কার্যালয়ে যাতায়াতের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়সংলগ্ন এলাকায় একটি রাজনৈতিক দলের কার্যালয় হলে শিক্ষার পরিবেশ ব্যাহত হবে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওসার হোসেন ওই জায়গা আওয়ামী লীগের কার্যালয় করার জন্য দিয়েছেন। তিনি বলেন, ‘যে জায়গায় আওয়ামী লীগের কার্যালয় করা হচ্ছে, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। এ জন্য ওই জায়গায় কার্যালয় নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।’ কার্যালয় হলে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে তিনি দাবি করেন। আর কার্যালয়ের পাশ দিয়ে যাতায়াতের জন্য নতুন রাস্তা নির্মাণ করা হবে।

চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহমান বিশ্বাস বলেন, রাজনৈতিক দলের এ কার্যালয় কলেজ ও বিদ্যালয় উভয় প্রতিষ্ঠানকেই সমস্যায় ফেলবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, দলের কার্যালয়ের জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না। জায়গাটি বিনা মূল্যে পাওয়ায় ওখানেই কার্যালয় করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিল আফরোজা বেগম বলেন, ‘আমি উপজেলায় আসার আগে ওই কার্যালয় নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝের জায়গায় একটি রাজনৈতিক দলের কার্যালয় কীভাবে হলো, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে একটি রাজনৈতিক দলের কার্যালয় নির্মাণ না করা হলেই ভালো হতো। এর কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।