দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৮ জন বেতন-বোনাস পেলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্বে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৮ জন শিক্ষক-কর্মচারী কয়েক মাসের বেতন ও ঈদ বোনাস থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হচ্ছে ক্ষেতলাল পাইলট উচ্চবালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং আলমপুর উচ্চবিদ্যালয়। পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন রোখছানা চৌধুরী। আগের সভাপতি নবীউল ইসলাম চৌধুরী হাইকোর্টে রিট করে ১১ মার্চ রোখছানার সভাপতি পদের ওপর তিন মাসের স্থগিতাদেশ নিয়ে আসেন। ওই আদেশে উল্লেখ ছিল, তিন মাসের মধ্যে আগের সভাপতি নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। কিন্তু নবীউল ইসলাম তিন মাসের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হন। এতে রোখছানা চৌধুরী সভাপতি পদে বহাল থাকেন। রোখছানা চৌধুরী অভিযোগ করেন, ‘জুন মাসে শিক্ষকদের বিল-বেতনের কাগজে আমি সই দিয়েছি এবং কোনো সমস্যা হয়নি। সাবেক সভাপতি অধ্যক্ষ সায়ফুল ইসলাম চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন এ রকম একটি ভুয়া কাগজ তৈরি করে ব্যাংকে ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে দিয়েছেন। এভাবে তিনি গায়ের জোরে বিল বন্ধ করে দিয়েছেন। এ কারণে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষক-কর্মচারী বেতন পাচ্ছেন না। সাবেক সভাপতি নবীউল ইসলাম চৌধুরী বলেন, ‘ওই অধ্যক্ষ আমি সভাপতি থাকাকালীন চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। তার শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র ভুয়া। তাই ভুয়া একজন অধ্যক্ষের হাতে শিক্ষকেরা বিল বেতন নিতে পারেন না। আমি তাঁর সইয়ে বিল-বেতন হতে দেব না।’অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, ‘আমি রিজাইন দেয়নি, দিলে কলেজের কোনো কাজে নাক গলাতে আসতাম না।’আলমপুর উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ মাহফুজুর রহমান হেলাল আলমপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। তার এক সপ্তাহ পরে তিনি প্রধান শিক্ষক লাল মোহামঞ্চদ সরকারকে এক তরফা সাময়িক বরখাস্ত করেন। একইভাবে তিনি অনিয়মতান্ত্রিকভাবে কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক নারগিছ আরাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এতে সভাপতি ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরই জের ধরে ওই প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষক-কর্মচারী জুন ও জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পাননি।প্রধান শিক্ষক লাল মোহামঞ্চদ বলেন, ‘আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। আমি বিল করে জমা দিতে চেয়েছিলাম। সভাপতি আমাকে নিষেধ করে দিয়েছেন।’সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘এখানে আইনগত কোনো সমস্য নাই। শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানেন না। তাঁর করা সইয়ে তাঁরা বেতন নেবেন না। এখানে আমার করার কিছুই নাই।’ মাধ্যমিক শিক্ষা কর্মকতা আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলার ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এ কারণে ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষকেরা বেতন ও বোনাস পাননি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু কোনো পক্ষই আমাদের কথা মানে না।’