দুই শিক্ষার্থী ও এক কর্মচারীর সততা
ল্যাপটপ ও মূল্যবান কাগজপত্রসহ ব্যাগটি হারিয়ে বড় বেকায়দায় পড়ে গিয়েছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর ব্যক্তিগত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। ল্যাপটপে এমন কিছু ব্যক্তিগত তথ্য সংরক্ষিত ছিল, যা অতি গুরুত্বপূর্ণ এবং এসব তথ্য উদ্ধারের কোনো সম্ভাবনাই ছিল না। নিরুপায় হয়ে নগরের রাজপাড়া থানায় বসে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করছিলেন। এমন সময় অচেনা একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। মুহূর্তে তিনি জেনে যান প্রাণজুড়ানো খবর। হ্যাঁ, পাওয়া গেছে ল্যাপটপ ও মূল্যবান কাগজসহ তাঁর সেই হারানো ব্যাগ। শিগগিরই ব্যাগটি নিয়ে তাঁর সামনে হাজির হন রাজশাহী কলেজের দুই শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।গত বৃহস্পতিবার দুপুরে একই ঘটনা ঘটে রাজশাহীর বাঘায়। সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদের মোটরসাইকেলের পেছন থেকে একটি ব্যাগ পড়ে যায়। এতে নগদ টাকা, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল ছিল। ৪৫ মিনিটের মধ্যে ফোন করে ব্যাগটি পাওয়ার খবর দেন স্থানীয় কলেজের একজন কর্মচারী।মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে এসে ল্যাপটপসহ ব্যাগটি ফিরে পাওয়ার কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে এটি একটি বিরল দৃষ্টান্ত।