দুই শিক্ষার্থী হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তদন্তেই পুলিশের কার্যক্রম সীমাবদ্ধ আছে বলে অভিযোগ করেছেন নিহত শিক্ষার্থীদের স্বজনেরা। পুলিশও বিষয়টি স্বীকার করেছে।
মাত্র এক মাসের ব্যবধানে চান্দগাঁও এলাকায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। গত ২৭ আগস্ট চট্টগ্রাম ডেন্টাল ইন্টারন্যাশনাল কলেজের ১০ তলাবিশিষ্ট ছাত্রাবাসের নিচ থেকে কলেজের প্রথম বর্ষের ছাত্র জাহেদুল ইসলামের (২১) এবং ৩ আগস্ট রাতে মৌলভী পুকুর এলাকায় নিজ বাসার সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাফিতা আক্তারের (১৩) লাশ উদ্ধার করে পুলিশ। রাফিতা স্থানীয় নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তাদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে অভিযোগ এনে উভয়ের পরিবার নগরের চান্দগাঁও থানায় হত্যা মামলা করে। এসব মৃত্যুর ঘটনাকে প্রথমে আত্মহত্যা হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ বলেন, ‘দুটি মামলা আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে নিহত জাহেদের বাবা জসীম উদ্দিন বলেন, তাঁর সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর সঙ্গে জড়িত লোকজনকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। জাহেদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে জানান তাঁর বাবা।
কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন বলেন, ‘ওই দিন বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত জাহেদ ক্লাস করেছিল। এর ১৫ মিনিট পর তার মৃত্যুর খবর পাই। এ সময়ে কলেজ ক্যাম্পাসে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তাকে কেউ মেরেছে কি না, তাও বুঝতে পারছি না।’
মোসলেম উদ্দিন জানান, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘১০ তলা ভবনের ছাদ থেকে পড়লে যে অবস্থা হয়, জাহেদের একই অবস্থা হয়েছে। কিন্তু তাঁর কোমরের ভেতর বড় ক্ষতচিহ্ন ছিল। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
এদিকে আদালতের নির্দেশে রাফিতার মৃত্যুর ২৩ দিন পর ২৬ আগস্ট মামলা নেয় চান্দগাঁও থানার পুলিশ। রাফিতার মা খালেদা আক্তার ২০ আগস্ট আদালতে পাঁচজনকে আসামি করে এ মামলা করেন। আসামিরা হলেন রাফিতার সৎবাবা শফিউল আলম সওদাগর (৪৮), চার সৎভাই—খলিল উদ্দিন ইরফান (২৪), আমজাদ হোসেন ইমরান (২২), আবদুর রহমান আলফাজ (২০) ও সানাউল্লাহ আরাফাত (১৮)।
খালেদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘এখনো আমার মেয়ের হত্যাকারীদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ প্রথম থেকেই আমাদের অসহযোগিতা করে আসছে। আমাদের হত্যা মামলা গ্রহণ না করে উল্টো আত্মহত্যা মামলা দায়ের করে পুলিশ। পরে বাধ্য হয়ে আদালতে মামলা করতে হয়।’
তবে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবদুর রউফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি থানায় নতুন এসেছি। আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’