দুই শিক্ষার্থীকে অপহরণ কবরস্থান থেকে উদ্ধার
সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে অপহরণ করা দুই ছাত্রকে চোখ, মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় কবরস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি কবরস্থান থেকে তাদের উদ্ধার করা হয়। অপহরণকারীরা জেলা যুব দলের শীর্ষস্থানীয় এক নেতার আত্মীয় ও আশীর্বাদপুষ্ট বলে জানা গেছে।উদ্ধারকৃত ছাত্ররা হলেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার পর্বের তৃতীয় বর্ষের ছাত্র শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের ইয়াসিন আরাফাত (১৯) এবং একই পর্বের ছাত্র কলারোয়া উপজেলার যুগীখালি গ্রামের তুহিন আলম (১৯)। এ ঘটনায় ইনস্টিটিউটের সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। গত শনিবার দুপুরে তাঁরা ক্যাম্পাসে পুলিশ মোতায়েন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করেন।উদ্ধার হওয়া ইয়াসিন আরাফাত জানান, গত বুধবার দুপুর ১২টার দিকে কয়েকজন বহিরাগত লোক ইনস্টিটিউটের ভেতরে ঢুকে আরিফুল ইসলাম, তুহিন আলম ও তাঁকে ধরে নিয়ে যায়। একপর্যায়ে হাতুড়ি ও লোহার রড় দিয়ে আরিফুল ইসলামকে বেধড়ক মারপিট করে মৃত ভেবে সদর উপজেলার লাবসা মাজার এলাকায় ফেলে যায়। পরে তাঁদের দুজনকে চোখ বেঁধে একটি ঘরে আটকে রাখে। এ সময় তাঁদের মারধর করা হয়। দুই দিন তাঁদের ভাত খেতে দেওয়া হয়নি। উদ্ধার হওয়ার ঘণ্টা খানেক আগে চোখ, মুখ, হাত ও পা বেঁধে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়।সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি এম আজিজুর রহমান জানান, ওই দিন বিকেলে অপহূত দুই ছাত্রের মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা মুঠোফোনে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে ইয়াসিন আরাফাত ও তুহিন আলমকে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনের নামে বুধবার সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।সাতক্ষীরা সদর থানার ওসি আসলাম খান জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রসুলপুর এলাকার সরকারি কবরস্থানের একটি কবর থেকে ইয়াসিন আরাফাত ও তুহিন আলমকে চোখ, মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।